২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেলোয়ারের বাসায় কারামুক্ত হান্নান

কারামুক্ত বিএনপি নেতা অবসপ্রাপ্ত ব্রিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ বুধবার খোন্দকার দেলোয়ারের বাসায় গিয়ে তার সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, অন্য নেতাদের সঙ্গে আলোচনার পরই রাজনৈতিক প্রসঙ্গে কথা বলবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2008, 10:41 AM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ঢাকা, ফেব্রয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কারামুক্ত বিএনপি নেতা অবসপ্রাপ্ত ব্রিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ বুধবার খোন্দকার দেলোয়ারের বাসায় গিয়ে তার সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, অন্য নেতাদের সঙ্গে আলোচনার পরই রাজনৈতিক প্রসঙ্গে কথা বলবেন তিনি। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ কারাগার থেকে হাইকোর্টের অন্তবর্তীকালীন জামিনে মুক্তি পান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হান্ন্না শাহ। সকাল সাড়ে ১১টায় তিনি খোন্দকার দেলোয়ারের বাসায় যান। এসময় দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, দলের সাবেক সাংসদ সেলিম রেজা হাবিব, কাজী রফিকুল ইসলাম, অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও আবদুল মমিন তালুকদার ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এরপর প্রায় ৪৫ মিনিট একান্তে কথা বলেন দেলোয়ার-হান্নান। নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''তাদের বৈঠকটি ছিল রুদ্ধদ্বার। আমরা বাইরে ছিলাম। তাদের আলোচনার বিষয়বস্তু আমার জানা নেই।'' বৈঠকের পর হান্নান শাহ সাংবাদিকদের জানান, খোন্দকার দেলোয়ারের সঙ্গে সাংগঠনিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। দলের ঐক্য প্রচেষ্টা নিয়ে মন্তব্য করতে বলা হলে হান্নান শাহ বলেন, "অন্য নেতাদের সঙ্গে আলাপ করে তারপর আমি সাংবাদিকদের কাছে রাজনৈতিক বিষয়ে বক্তব্য দেব।'' কারাগার থেকে মুক্ত হওয়ার ব্যাপারে দলীয় নেতা-কর্মীদের অবদানের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জরুরি বিধি ভঙ্গের অভিযোগে তেজগাঁও থানার একটি মামলায় গত বছর ৭ নভেম্বর হান্নান শাহকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায় ২২ নভেম্বর তিনি হাইকোর্টের জামিন পান। ২৫ নভেম্বর তাকে বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশ দেয় সরকার। ৩০ জানুয়ারি হাইকোর্ট ওই আটকাদেশ অবৈধ ঘোষণা করে হান্নান শাহকে মুক্তি দিতে বলে। আদালতের নির্দেশে গত ৭ ফেব্র"য়ারি নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তির পরপরই জেলগেট থেকে তাকে আবারও গ্রেপ্তার করে পুলিশ। জরুরি বিধি ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এতে অভিযোগ করা হয়, মুক্তি পাওয়ার পর হান্নান শাহ কারাগারের সামনে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ওপর দুই তিনশ লোক জড়ো করে রাস্তা অবরোধ করেন ও যানজট সৃষ্টি করেন। এতে জরুরি অবস্থা ভঙ্গ হয়েছে। ১০ ফেব্র"য়ারি ওই অভিযোগ থেকেও আ স ম হান্নান শাহকে তিন মাসের জামিন দেয় হাইকোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএ/১৬৩২ ঘ.