২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পিন্টুর জামিন আবেদন আবারো নাকচ

২১ আগস্টে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত। এ নিয়ে তৃতীয়বারের মতো তার জামিন আবেদন নাকচ হলো। বুধবার সকালে ঢাকার মহানগর দায়রা জজ মো. আজিজুল হক, জামিন আবেদনের ওপর শুনানি শেষে তাকে জামিন দেওয়ার বিষয়টি নামঞ্জুর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2008, 09:23 AM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্টে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত। এ নিয়ে তৃতীয়বারের মতো তার জামিন আবেদন নাকচ হলো। বুধবার সকালে ঢাকার মহানগর দায়রা জজ মো. আজিজুল হক, জামিন আবেদনের ওপর শুনানি শেষে তাকে জামিন দেওয়ার বিষয়টি নামঞ্জুর করেন। সাবেক এই মন্ত্রীর পক্ষে জামিন শুনানিতে অংশ নেন ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান ও মোহাম্মদ আলী। গত ১৬ জানুয়ারি এ মামলায় আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। পরদিনই তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে টাস্কফোর্স ইনটেলিজেন্স (টিএফআই) সেলে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে ৩ জানুয়ারি পিন্টুকে গ্রেপ্তার করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে যৌথবাহিনী ছেড়ে দেয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি'র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল কবির বলেন, "২০০৪ সালে উপমন্ত্রী থাকা অবস্থায় পিন্টুর ধানমন্ডির বাসায় হামলার পরিকল্পনা করা হয়েছিল। তার ভাই হরকাতুল জিহাদ সদস্য মাওলানা তাজউদ্দিন ওই হামলার পরিকল্পনা এবং ব্যবহৃত গ্রেনেড সরবরাহ করেন।" তিনি জানান, ২০০৪ সালের ১৮ আগস্ট পিন্টুর আত্মীয় মাওলানা আবু তাহেরের মাধ্যমে তিনি মুফতি হান্নান ও আহছান উল্ল্যাহ কাজলকে তার ধানমন্ডির সরকারি বাসায় ডেকে হামলার পরিকল্পনার কথা জানান। মুফতি হান্নানের ১৬৪ ধারার জবানবন্দীর কথা উল্লেখ করে তদন্ত কর্মকর্তা ফজলুল কবির বলেন, "পিন্টু হামলার আর্থিক ও প্রশাসনিক সাহায্যসহ গ্রেনেড সরবরাহও করেছিলেন।" এর আগে ১৭ ও ২১ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তার জামিন দুইবার নাকচ করা হয়। জামিন শুনানিতে আইনজীবীরা বলেন, "ওই হামলার সঙ্গে পিন্টু জড়িত ছিলেন না বলেই তাকে প্রথমবার গ্রেপ্তার করেও ছেড়ে দেওয়া হয়। তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এমএ/১৫১৫ঘ.