২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসার জন্য শেখ হাসিনাকে বিদেশে পাঠান: সুরঞ্জিত সেনগুপ্ত

উন্নত চিকিৎসার জন্য কারাবন্দী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বিদেশে পাঠানোর জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন দলের সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2008, 07:51 AM

Updated : 26 Aug 2022, 01:22 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --উন্নত চিকিৎসার জন্য কারাবন্দী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বিদেশে পাঠানোর জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন দলের সুরঞ্জিত সেনগুপ্ত। প্রয়োজন হলে আওয়ামী লীগই দলীয় সভানেত্রীর বিদেশে চিকিৎসার ব্যয় বহন করবে। মঙ্গলবার সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য জানান, শেখ হাসিনার বর্তমান শারীরিক অবস্থায় দলের নেতা-কর্মীরা উদ্বিগ্ন। তিনি বলেন, "শেখ হাসিনার আস্থাভাজন চিকিৎসক দিয়েই তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তার চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে বা শেখ হাসিনার ওপরই ছেড়ে দিতে হবে। তার পছন্দকে অগ্রাধিকার দিতে হবে।" উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনাকে বিদেশে যাওয়ার সুযোগ করে দেওয়াকে 'মানবিক বিষয়' হিসাবে উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "সরকার ইচ্ছা করলেই শেখ হাসিনাকে বাইরে পাঠাতে পারে। অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে।" অতীতে উন্নত চিকিৎসার জন্য বন্দী থাকাকালীন অবস্থায় কাকে বিদেশে পাঠানো হয়েছে জানতে চাইলে সুরঞ্জিত কারো নাম বলতে পারেননি। তবে তিনি বলেন,"মানবিক ক্ষেত্রে আইন কোনো বাধা নয়।" এদিকে উপ মহা কারা পরিদর্শক মেজর সামছুল হায়দার ছিদ্দিকী মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শেখ হাসিনা সুস্থ রয়েছেন। তিনি বলেন, "ওনাকে দেখতে আজ আর কোনো ডাক্তার যাননি।" শেখ হাসিনার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আওয়ামী লীগ নেত্রী বুধবারের চেয়ে সুস্থ রয়েছেন বলে তাকেও জানিয়েছেন উপ মহা কারা পরিদর্শক । অন্যদিকে, শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক সৈয়দ মোদাচ্ছের আলী মঙ্গলবারও সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার বিষয়ে কিছু বলতে রাজি হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৩৪৫ঘ.