২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার 'বার্তা' যাচাই ছাড়া নাকচ করা ঠিক হয়নি: গয়েশ্বর

বিএনপির ঐক্য বিষয়ে কারাবন্দি খালেদা জিয়ার কথিত বার্তাকে সরাসরি নাকচ করে দেওয়া ঠিক হয়নি বলে মনে করছেন দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলছেন, এটি যাচাই-বাছাই করা যেত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2008, 01:45 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ঐক্য বিষয়ে কারাবন্দি খালেদা জিয়ার কথিত বার্তাকে সরাসরি নাকচ করে দেওয়া ঠিক হয়নি বলে মনে করছেন দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলছেন, এটি যাচাই-বাছাই করা যেত। গত শুক্রবার খালেদার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিশেষ কারাগারে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে দলকে ঐক্যবদ্ধ করার একটি 'মৌখিক বার্তা' প্রকাশ করেন। দুইদিন পর রোববার দলের খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে নাকচ করে দেন। বিএনপির খালেদাপন্থী যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় সোমবার দুপুরে এ বিষয়ে সাংবাদিকদের বলেন, "আইনজীবীর মাধ্যমে ম্যাডামের বার্তা নিয়ে সন্দেহ প্রকাশ না করে তা যাচাই-বাছাই করার যেত। এটি না করে সরাসরি নাকচ বা বাতিল করে দেওয়া যথাযথ হয়নি।" দলের সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহানের ন্যাম ফ্ল্যাটের বাসায় গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, "খালেদা জিয়ার নেতৃত্বই বিএনপি পরিচালিত হচ্ছে। তিনি এখন কারাবন্দি। গঠনতান্ত্রিক ক্ষমতাবলে তার নিদের্শনায় দল চলবে।" বহিষ্কৃত দুই নেতাকে নিয়ে ঐক্য প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না দাবি করে তিনি বলেন, "দলের সবাই যেখানে ঐক্যের স্বার্থে ত্যাগ স্বীকার করতে চায়, সেখানে এ বিষয়টি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এমএইচবি/১৯৩২ ঘ.