ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলার সাক্ষ্য গ্রহণ আবার পিছিয়েছে।
বিচারক ছুটিতে থাকায় বুধবার ধার্য দিনে মামলার সাক্ষ্য গ্রহণ হয়নি। হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নানসহ কোনও আসামিকে এদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি।
আগামী ৬ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
দ্রুতবিচার আদালতে বিচারাধীন এ মামলার তারিখ এনিয়ে তিন বার পেছানো হলো। ১৩৫ কার্য দিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার নিয়ম থাকায় মামলার ভবিষ্যত নিয়ে সংশয় প্রকাশ করছেন আইনজীবীরা।
১৩ বার তারিখ পিছিয়ে গত ২৯ অক্টোবর গ্রেনেড মামলার অভিযোগ গঠন হয়। হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দেওয়ায় ওই ঘটনায় এখন দুটি মামলা চলছে।
দুই মামলায় রাষ্ট্রপক্ষের মোট সাক্ষীর সংখ্যা ৪১২ জন। আইনজীবীরা বলেছেন, দ্রুত বিচার ট্রাইবুনালে ১৩৫ দিনের মধ্যে মামলার বিচার কাজ শেষ করার বিধান রয়েছে। এভাবে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে গেলে নির্ধারিত সময়ের মধ্যে সব সাক্ষীর সাক্ষ্য নেওয়া সম্ভব নয়।
অভিযোগ গঠনের পর এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী বাদি মতিঝিল থানার সাবেক উপ-পরিদর্শক শরীফ ফারুক আহমেদকে আসামি পক্ষের জেরা শুরুর কথা। গত ১৭ নভেম্বর আদালতে বাদির জবানবন্দি গ্রহণ করা হয়।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলার এ মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিণ্টু, মুফতি হান্নানসহ ২২ জন আসামি।
গ্রেনেড হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৩ জন নিহত হয়। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন।
তদন্ত কর্মকর্তা পরিবর্তনসহ দীর্ঘসূত্রতার পর গত ১১ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার ফজলুল কবির হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি অভিযোগপত্র দেন।
মামলার ২২ আসামির মধ্যে পিন্টু ও মুফতি হান্নানসহ ১৩ জন কারাগারে রয়েছেন। পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনসহ বাকিরা পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৪১২ ঘ.
bdnews24