২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের বিরুদ্ধে উস্কানিমূলক লিফলেট বিতরণের দায়ে চারজন আটক

শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে কুৎসামূলক লিফলেট বিতরণের সময় চারজনকে রোববার বিকেলে রমনা থানায় সোপর্দ করেছে আওয়ামী লীগ কর্মীরা। ওই লিফলেটে জয়ের কথিত ইসলামবিরোধী বক্তব্যের উল্লেখ করে তার বিরুদ্ধে বিষোদগার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2008, 03:31 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে কুৎসামূলক লিফলেট বিতরণের সময় চারজনকে রোববার বিকেলে রমনা থানায় সোপর্দ করেছে আওয়ামী লীগ কর্মীরা। ওই লিফলেটে জয়ের কথিত ইসলামবিরোধী বক্তব্যের উল্লেখ করে তার বিরুদ্ধে বিষোদগার করা হয়েছে। 'ইসলাম বাঁচাও দেশ বাচাঁও' স্লোগান সম্বলিত এ লিফলেটটিসহ আটককৃতরা নিজেদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র বলে পরিচয় দিয়েছে। তাদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও অপপ্রচারের অভিযোগ এনে থানায় একটি অভিযোগ করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. দিলীপ রায়। আটক চার যুবকের নাম হিমেল, ইকবাল, সামাদ ও জাহিদ। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম দৌলত আকবর সাংবাদিকদের জানান, চারজন বুয়েট ছাত্রকে মগবাজার এলাকা থেকে ধরে রোববার বিকেলে রমনা থানায় নিয়ে আসে কিছু লোকজন। তাদের কাছ থেকে একটি লিফলেটের বেশ কিছু কপি জব্দ করা হয়েছে। লিফলেটের শিরোনাম হচ্ছে 'শেখ হাসিনার পুত্র জয়ের লেখায় তোলপাড়'। আর লিফলেটের নিচের অংশে লেখা রয়েছে 'ইসলাম বাঁচাও দেশ বাঁচাও'। ওসি দৌলত আকবর বলেন, "তাদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন ও অপপ্রচারের অভিযোগ করা হয়েছে। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। তাদের আদালতে পাঠানো হবে।" গ্রেপ্তারকৃতরা সাংবাদিকদের জানান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) থেকে তাদের এই লিফলেটগুলো সরবরাহ করা হয়েছে। বিএনপির নির্বাচনী প্রচারণার জন্য তারা কাজ করছেন। বুয়েট থেকে পাশ করা প্রকৌশলীদের মাধ্যমে তারা ড্যাবের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছেন এবং সেখান থেকে তাদের এই লিফলেটগুলো বিলির দায়িত্ব দেওয়া হয়েছে। থানায় অভিযোগকারী ডা. দিলীপ দাবি করেন, এরা শিবির ও ছাত্রদল কর্মী। তিনি বলেন, "তারা যে লিফলেট বিলি করছিল তাতে সজীব ওয়াজেদ জয়কে উদ্ধৃত করে ধর্মানুভূতিতে আঘাত, সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য ও আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। আমরা হাতে-নাতে এই লিফলেটসহ তাদের ধরেছি ও পুলিশে সোপর্দ করেছি। " থানার পুলিশ কর্মকর্তারা জানান, স্থানীয় বিএনপি নেতারা তাদের ছাড়িয়ে নিতে ইতোমধ্যেই থানায় তদ্বির শুরু করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিএইচ/এসকে/২১১৪ঘ.