ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় আহত একুশে টেলিভিনের বিশেষ প্রতিবেদক রাশেদ আহমেদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
উত্তরাঞ্চল সফররত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বহরে থাকা একুশে টেলিভিশনের (ইটিভি) গাড়ি বুধবার দুপুরে দুর্ঘটনায় পড়লে রাশেদ আহমেদসহ তিন সংবাদকর্মী আহত হন।
তারা এখন বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। খালেদা জিয়া দুপুরের পর তিন সংবাদকর্মীকে দেখতে হাসপাতালে যান। তিনি তাদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং আরোগ্য কামনা করেন।
হাসপাতালের উপ-পরিচালক আশফারুল হাবিব রুশদ সাংবাদিকদের বলেন, "রাশেদ আহমেদের অবস্থা ভালো নয়। অপারেশন থিয়েটারে না নেওয়া পর্যন্ত তার বিষয়ে কিছু বলা যাচ্ছে না। এটুকু বলছি, তার অবস্থা ভালো নয়।'
দুর্ঘটনায় আহত অপর দুজন হলেন- একুশে টেলিভিশনের চিত্রগ্রাহক আসাদুজ্জামান ও গাড়িচালক রবিউল ইসলাম।
বুধবার দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাড়িবহরের সঙ্গে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক রিয়াজুল বাশার।
তিনি জানান, দুপুর ১টায় রায়গঞ্জ থানার ভূঁইয়াগাজী এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইটিভির মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
ঢাকা-জয়পুরহাট রুটের সালমা ক্লাসিক পরিবহণের যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে ইটিভির মাইক্রোবাসটির ওপর আছড়ে পড়ে।
দুর্ঘটনার পরপরই আহত তিন সংবাদকর্মীকে চান্দাইকোণা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের স্থানান্তর করা হয় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরবি/এমআই/১৫০৩ ঘ.
bdnews24