ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলার সাক্ষ্য গ্রহণ আবার পিছিয়েছে।
হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নানসহ কয়েক আসামিকে কারাগার থেকে আদালতে হাজির না করায় ঢাকার দ্রুত বিচার আদালতে সোমবার ধার্য দিনে মামলার সাক্ষ্য গ্রহণ হয়নি।
বিচারক মো. মাসদার হোসেন আগামী ৩১ ডিসেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।
গ্রেনেড হামলার ঘটনায় হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ সোমবার পেছানো হলো। একই ঘটনায় বিস্ফোরক আইনে আরেকটি মামলাও একই আদালতে বিচারাধীন।
১৩ বার তারিখ পিছিয়ে গত ২৯ অক্টোবর মামলা দুটির অভিযোগ গঠন হয়। এরপর সাক্ষ্য গ্রহণও বারবার পেছানোয় মামলার ভবিষ্যত নিয়ে সংশয় প্রকাশ করছেন আইনজীবীরা।
মুফতি হান্নানসহ কয়েক আসামির বিরুদ্ধে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর বোমা হামলার মামলার বিচার চলছে সিলেটে। তাই আগামী ২৪ ডিসেম্বরের আগে মুফতি হান্নানকে সিলেট থেকে ঢাকার আদালতে হাজির করা সম্ভব নয় বলে কারা কর্তৃপক্ষ সোমবার আদালতকে জানায়।
দুই মামলায় রাষ্ট্রপক্ষের মোট সাক্ষীর সংখ্যা ৪১২ জন। আইনজীবীরা বলেছেন, দ্রুত বিচার ট্রাইবুনালে ১৩৫ দিনের মধ্যে মামলার বিচার কাজ শেষ করার বিধান রয়েছে। এভাবে সাক্ষ্য গ্রহণ মুলতবি করা হলে নির্ধারিত সময়ের মধ্যে সব সাক্ষীর সাক্ষ্য নেওয়া সম্ভব নয়।
সোমবার রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মামলার বাদি মতিঝিল থানার সাবেক উপ-পরিদর্শক শরীফ ফারুক আহমেদকে আসামি পক্ষের জেরা করার কথা ছিল।
গত ১৭ নভেম্বর বাদির জবানবন্দি গ্রহণ করা হলেও নানা কারণে বার বার এ মামলার সাক্ষ্য গ্রহণ কয়েকবার পেছালো।
আসামি আরিফ হাসান সুমনের আইনজীবী আমিনুল গনি টিটো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্পর্শকাতর এ মামলা দুটো দ্রুত বিচারের জন্য এ আদালতে পাঠানো হলেও দ্রুত বিচারের বিধান মানতে পারছেন না আদালত।"
মামলার আসামি জোট সরকারের সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে সোমবার কারাগার থেকে হাজির করা হয়।
তিনি এজলাসে বিচারকের উদ্দেশে বলেন, "মামলার সাক্ষ্য গ্রহণ হচ্ছে না- বিষয়টি জানা সত্ত্বেও কারা কর্তৃপক্ষ প্রতি তারিখে টেনে-হিঁচড়ে আমাকে আদালতে হাজির করছে। আমি মারাত্মক অসুস্থ।"
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলার এ মামলায় বিএনপি নেতা সালাম পিণ্টু, মুফতি হান্নানসহ ২২ জন আসামি।
ওই হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৩ জন নিহত হয়। ওই ঘটনায় মতিঝিল থানায় উপ-পরিদর্শক শরীফ ফারুক আহমেদ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
তদন্ত কর্মকর্তা পরিবর্তনসহ দীর্ঘসূত্রতার পর গত ১১ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার ফজলুল কবির হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি অভিযোগপত্র দেন।
মামলার ২২ আসামির মধ্যে পিন্টু ও মুফতি হান্নানসহ ১৩ জন কারাগারে রয়েছেন। পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনসহ বাকিরা পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৭০২ ঘ.
bdnews24