সুমন মাহমুদ
প্রধান রাজনৈতিক প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
যশোর, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এর পরিণতি হবে ভয়াবহ।
সোমবার যশোরে নির্বাচনী জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন। নির্বাচনী প্রচারে খালেদা জিয়া বর্তমানে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সফরে রয়েছেন।
রোববার সকালে রাজধানীতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দেওয়ার পরপরই নির্বাচনী প্রচারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারপারসন। মানিকগঞ্জ, রাজবাড়ী, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও মাগুরায় ভোররাত পর্যন্ত বেশ কয়েকটি জনসভায় বক্তব্য রাখার পর যশোর আসেন তিনি।
সোমবার দুপুর সাড়ে ১২টায় যশোর টাউন হল মাঠে জনসভায় খালেদা জিয়া বলেন, "বিএনপির পক্ষে গণজোয়ার দেখে নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচন বানচালের পরিণতি হবে ভয়াবহ। জনগণ এটা সহ্য করবে না।"
তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, "২০০১ এর মতো এবারও ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখছি। এ দেখে ঘরে বসে কেউ কেউ নতুন করে ষড়যন্ত্র করছে কিনা, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।"
নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, "একটি দলের পক্ষে প্রশাসনকে সাজিয়ে রাখা হয়েছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে।"
তিনি বলেন, "গত দুই বছর দেশকে কারাগার বানিয়ে রাখা হয়েছে। দেশবাসী এ অবস্থা থেকে মুক্তি চায়।"
তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযান দেশকে 'রাজনীতিশূন্য' করতে চালানো হয় বলে অভিযোগ করেন খালেদা জিয়া।
তিনি বলেন, "যারা প্রকৃত দুর্নীতিবাজ তারা ঠিকই রয়ে গেছে। কিন্তু দেশকে রাজনীতিশূন্য করতে রাজনীতিবিদ, জনপ্রতিনিধিদের ওপর দমন-পীড়ন চলেছে। মিথ্যা মামলা দিয়ে তাদের গ্রেপ্তার নির্যাতন চালানো হয়েছে।"
গত দুই বছরে নিজের পরিবারের ওপর নির্যাতন হয়েছে দাবি করে খালেদা জিয়া বলেন, "আমাকে বিদেশ পাঠাতে না পেরে আমার দুই ছেলেকে (তারেক রহমান ও আরাফাত রহমান কোকা) গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয়েছে। তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। সুস্থ অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। অথচ, তারা জেল থেকে বের হয় স্ট্রেচারে করে, অক্সিজেন মাস্ক মুখে নিয়ে।"
তিনি বলেন, "দেশকে ভালবাসার জন্যই আমাদের ওপর এই নির্যাতন চালানো হয়েছে। দেশকে ভালবাসি, এটাই ছিল আমার অপরাধ। জিয়াউর রহমানকেও এ জন্যই জীবন দিতে হয়েছে।"
২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি সরকারের সময়ে দেশে ব্যাপক উন্নতি হয়েছে দাবি করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা বলেন, "উন্নতির ওই ধারাকে ব্যাহত করতে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। লগি-বৈঠার নৈরাজ্যকর রাজনীতি দিয়ে ওয়ান-ইলেভেনের পরিস্থিতি তৈরি করা হয়। এ সবই ছিল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র।"
তিনি বলেন, "চারদলীয় জোট সরকারে থাকা অবস্থায় মানুষ সুখে ছিল, শান্তিতে ছিল। ২২ জানুয়ারি নির্বাচন হলে চারদলীয় জোটকে আবার ক্ষমতায় পাঠানো জনগণ। তাতে দেশের আরও উন্নতি হতো। কিন্তু কেউ কেউ তা চায়নি। তাই ২০০৭ সালের ২২ জানুয়ারির নির্বাচন বানচাল করা হয়েছে।"
দেশকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, "আসুন সবাই মিলে দেশ বাঁচাই, মানুষ বাঁচাই। গণতন্ত্র ফিরিয়ে আনি।"
চারদলীয় জোট পুনরায় ক্ষমতায় গেলে কৃষক ও শ্রমিকদের স্বার্থে ব্যাপক কর্মসূচি নেওয়া হবে বলে প্রতিশ্র"তি দেন খালেদা জিয়া।
জনসভায় তিনি যশোরের ছয়টি আসনে চারদলীয় জোট প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের ভোট দেওয়ার আহ্বান জানান। এরা হলেন, বিএনপি নেতা তরিকুল ইসলাম (যশোর-৩), টিএস আইয়ূব (যশোর-৪), আবুল হোসেন আজাদ (যশোর-৬), জামায়াত নেতা আজিজুর রহমান (যশোর-১), শাহাদাৎ হোসাইন (যশোর-২) এবং ইসলামী ঐক্যজোট নেতা মুফতি মুহাম্মদ ওয়াক্কাস (যরশার-৫)।
যশোর সদর আসনের প্রার্থী সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের পক্ষে ভোট চেয়ে খালেদা জিয়া বলেন, "তিনি (তরিকুল) এক জন পরীক্ষিত ও ত্যাগী নেতা। এ জন্য তার ওপর অনেক নির্যাতন হয়েছে। আপনারা তাকে ভোট দেবেন।"
তরিকুল ইসলাম বলেন, "পাকিস্তান আমলে আইয়ূবের সময় জেল খেটেছি। তার পর থেকে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়েও জেল খেটেছি। কিন্তু যশোরবাসীর পাশে ছিলাম, থাকব।"
যশোরে জনসভার পর সাতক্ষীরার কলারোয়ার উদ্দেশে যাত্রা করেন খালেদা জিয়া। তার সঙ্গে রয়েছেন বিএনপির সহসভাপতি সারোয়ারী রহমান। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় সাতটি জনসভায় খালেদা জিয়ার তার বক্তব্য রাখার কথা।
সোমবার ভোররাতেও মাগুরায় বিএনপির জনসভায় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিল। মাগুরার জনসভা শেষে ভোর ৫টায় যশোর সার্কিট হাউজে আসেন খালেদা জিয়া। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে তিনি টাউন হলের জনসভায় যান।
গত শনিবার দলের ইশতেহার প্রকাশের এক দিন আগে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামেন বিএনপি চেয়ারপারসন। শুক্রবার সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সমাবেশে বক্তব্য দেন তিনি। এছাড়া ইশতেহার প্রকাশ অনুষ্ঠানের পরপরই শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীতে বেশ কয়েকটি জনসভায় তিনি বক্তৃতা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪০৪ ঘ.
bdnews24