ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন সামনে রেখে অনেকেই ইসলামকে ব্যবহার করা শুরু করে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরী। তবে তিনি নিজেও প্রতিশ্র"তি দিয়েছেন, নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে তার দল কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন পাস করবে না।
শনিবার আওয়ামী লীগের মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মতিয়া বলেন, "কোরআন সুন্না বিরোধী কোনো আইন আওয়ামী লীগ পাস করবে না। আমরা শান্তির ধর্ম ইসলামের উদারতাকে প্রতিষ্ঠিত করতে চাই। একইসঙ্গে, আমরা সকলের নিজ নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে চাই।"
কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, "নির্বাচনের আগে অনেকেই পবিত্র ধর্ম ইসলামকে ব্যবহার করা শুরু করে দিয়েছে।"
মতিয়া আরো বলেন, "ইসলামকে এখন জঙ্গিবাদের চেহারায় চিহ্নিত করা হচ্ছে। আমরা ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাই না।"
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া শুক্রবার সিলেটে ইসলামপ্রচারক সুফি সাধকদের মাজার জিয়ারতের পর প্রচারণা শুরু করে প্রথম সমাবেশেই বলেছেন তারা 'জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের' সরকার প্রতিষ্ঠা করতে চান।
বিকেলে ধানমন্ডির চার নম্বর সড়কের ৩৩/বি নম্বর বাড়ির পঞ্চম তলায় আওয়ামী লীগের মিডিয়া সেন্টার উদ্বোধন করা হয়। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার এই মিডিয়া সেন্টার উদ্বোধন করার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি অসুস্থ হয়ে পড়ায় মতিয়া চৌধুরী উদ্বোধন করেন।
মতিয়া জানান, শেখ হাসিনা সকাল থেকে জ্বরে ভুগছেন।
মিডিয়া সেন্টার উদ্বোধনের পর আওয়ামী লীগ প্রেসিডিয়ামের এ সদস্য সদ্যঘোষিত নির্বাচনী ইশতেহারের বিভিন্ন দিক উল্লেখ করে বলেন, "বর্তমান প্রজন্মের উজ্জল ভবিষ্যত নির্মাণের স্বপ্ন রয়েছে এই ইশতেহারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে গণমাধ্যমের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন ।"
অনুষ্ঠানে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম জানান, আওয়ামী লীগ ও মহাজোটের নির্বাচন সংক্রান্ত সব খবর এই মিডিয়া সেন্টার থেকে পাওয়া যাবে। ১৩ ডিসেম্বর থেকে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত এটি খোলা থাকবে। ২৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মিডিয়া সেন্টার খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ১২টা। প্রয়োজনে সারা রাতও খোলা রাখা হবে।
প্রায় চার হাজার বর্গফুটের এই মিডিয়া সেন্টারে সাংবাদিকদের জন্য প্রায় সব রকমের সুবিধাই রাখা হয়েছে। একটি সম্মেলন কক্ষ এবং একটি সংবাদ সম্মেলন কক্ষও রয়েছে সেখানে। এছাড়া সাংবাদিকদের নিজ নিজ অফিসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ইন্টারনেট সুবিধাসহ কম্পিউটার, ফ্যাক্স, ফটোকপিয়ার ও টেলিফোন সুবিধা রয়েছে।
মিডিয়া সেন্টারের টেলিফোন নম্বর হলো: ৯৬৬৯৯৬১, ৯৬৬৯৯৬২ ও ৮৬৫১৯০১, ফ্যাক্স নম্বর: ৮৬৫০৪৫৭ ও ৮৬৫১৪৯৩। ই-মেইল ঠিকানা: mailto:almedia2008@gmail.com ও mailto:info@albd.org .
অন্যদের মধ্যে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক নূহ-উল-আলম লেনিন, শেখ হাসিনার তথ্য সচিব আবুল কালাম আজাদ, উপ তথ্য সচিব মাহবুবুল হক শাকিল, সাবেক প্রধানমন্ত্রীর উপ তথ্য সচিব নকিব উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিভাগীয় উপ-কমিটির সহ সম্পাদক মৃণাল কান্তি দাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এসকে/২৩০৩ঘ.
bdnews24