২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ইশতেহারের স্লোগান 'দেশ বাঁচাও- মানুষ বাঁচাও'

বিএনপির নির্বাচনী ইশতেহার শনিবার বিকালে ঘোষণা করা হবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া হোটেল শেরাটনে আনুষ্ঠানিকভাবে 'দেশ বাঁচাও-মানুষ বাঁচাও' মূল স্লোগানের এ ইশতেহার ঘোষণা করবেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2008, 08:16 AM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির নির্বাচনী ইশতেহার শনিবার বিকালে ঘোষণা করা হবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া হোটেল শেরাটনে আনুষ্ঠানিকভাবে 'দেশ বাঁচাও-মানুষ বাঁচাও' মূল স্লোগানের এ ইশতেহার ঘোষণা করবেন। খালেদা জিয়ার তথ্য সেলের প্রধান মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। এর একদিন আগেই আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহার 'দিন বদলের সনদ' ঘোষণা করেছে। দ্রব্যমূল্য হ্রাস, জঙ্গি দমন, যুদ্ধাপরাধীদের বিচার করাসহ ২৩টি প্রতিশ্র"তি দিয়েছে দলটি। বিএনপির ইশতেহারে দ্রব্যমূল্য হ্রাস, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপি একটি যুগোপযোগী নির্বাচনী ইশতেহার দিচ্ছে। দেশের মানুষের জন্য যা কিছু কল্যাণকর, তা সামনে রেখে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় এ ইশতেহার প্রণয়ন করা হয়েছে। ইশতেহারে আমরা দ্রব্যমূল্য, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানের বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছি। অর্থনৈতিক উন্নয়ন গতিশীল করতেও আমাদের কর্মসূচি থাকছে।" ইশতেহার ঘোষণার পরপরই রাজধানীতে দলের প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারে নামবেন বিএনপি চেয়ারপারসন। শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুর ও বনানীর দুটি সমাবেশে তিনি বক্তব্য দেবেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন। শুক্রবার সিলেটে হযরত শাহ জালালের মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন খালেদা জিয়া। রাত ১টা পর্যন্ত সিলেট, হবিগঞ্জ ও ব্রাক্ষণবাড়িয়ার মোট নয়টি জনসভায় বক্তব্য রাখেন তিনি। আগামী ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন হবে। ১৪ দলের শরিকরা ছাড়াও জাতীয় পার্টিকে নিয়ে মহাজোট গড়ে নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ। অপর দিকে বিএনপি আগের মতোই চারদলীয় ঐক্যজোটের মাধ্যমে নির্বাচনে অংশ নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪০৫ ঘ.