ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা তুলে নেয়ার বিষয়ে সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন চারদল। একইসঙ্গে তারা নির্বাচনে অংশ নেয়ার চূড়ান্ত ঘোষণা দিয়েছে।
বুধবার রাতে চারদলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "জরুরি অবস্থা প্রত্যাহারে সরকারের ঘোষণা চারদলীয় জোট ও জনগণের বিজয় বলে মনে করি। একইসঙ্গে চারদলীয় জোট আশা করে এখন জনগণ উৎসবমুখর পরিবেশে অংশ নিতে পারবে।"
তিনি বলেন, "একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য চারদলীয় জোট দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে। গত সোমবার শীর্ষ নেতাদের বৈঠকে আমরা জরুরি অবস্থা প্রত্যাহারে সরকারকে একটি সময়সীমাও দিয়েছিলোম।
"আজকে সরকার যে ঘোষণা দিয়েছে তা চারদলেরই বিজয়। আমরা আশা করি, সরকার নির্বাচন কমিশন ও নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব মহল যথাযথ ভূমিকা পালন করে জাতির প্রত্যাশা অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অসুষ্ঠান নিশ্চিত করবে।"
দেলোয়ার বলেন, "কারো প্রতি বৈরিতা বা অনুরক্ত না হয়ে নিরপেক্ষতার সঙ্গে নির্বাচন অনুষ্ঠানে সরকার কাজ করবে এটাই আমরা চাই।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "চারদলীয় জোটে আসন ভাগাভাগি নিয়ে কোনো সমস্য নেই। মনোনয়ন পত্র পত্যাহারের দিন আগামীকালই (বৃহস্পতিবার) সবকিছু জানতে পারবেন।
জাতীয় পার্টির মহাজোট থেকে বেরিয়ে আসা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, "এটি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিষয়। তবে চারদলীয় জোটে জাতীয় পার্টির অংশ নেয়ার বিষয়ে কোনো সংবাদ আমার জানা নেই।"
রাত সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সানের কার্যালয়ে এক ঘণ্টার এই বৈঠকে সরকারের তিন উপদেষ্টার সংবাদ ব্রিফিংয়ের ঘোষণা এবং নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে আলোচনা হয় বলে জানান তিনি।
ব্রিফিংয়ে চার দলের মহাসচিবরা উপস্থিত ছিলেন।
সরকারের জরুরি অবস্থা প্রত্যাহার ও মহাজোট থেকে এরশাদের বেরিয়ে যাওয়ার ঘোষণার পরপরই রাত পৌণে ৯টা থেকে নির্বাচনে অংশ নেয়া সংক্রান্ত জরুরি বৈঠকে বসে চারদল।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন; জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান; ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী ও মহাসচিব আবদুল লতিফ নেজামী; বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান ও মহাসচিব শামীম আল মামুন প্রমুখ।
এর আগে গত ৮ ডিসেম্বর এক বৈঠকে জরুরি অবস্থা প্রত্যাহার ও গণ প্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও)-এর ৯১(ই) ধারা স্থগিতে সরকারের অবস্থান জানাতে দুদিনের সময়সীমা বেধে দেয় চারদল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/জিএনএ/২২৪৫ ঘ.
bdnews24