ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ও তুরস্কের সশস্ত্রবাহিনীর মধ্যে চলমান সহযোগিতা আগামীতেও অব্যহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
সুধা সদনে বুধবার সকালে শেখ হাসিনার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত শাকির তরুণলারের সাক্ষাতের সময় আওয়ামী লীগ সভানেত্রী এ আশাবাদ ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির।
বৈঠকে মোহাম্মদ জমির উপস্থিত ছিলেন।
সকাল দশটা থেকে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তুরস্কের রাষ্ট্রদূত অপেক্ষমান সাংবাদিকদের জানান, দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
মোহাম্মদ জমির সাংবাদিকদের বলেন, "দু'দেশের সশস্ত্রবাহিনীর মধ্যে যে সহযোগিতা রয়েছে আগামীতে তা অব্যহত থাকবে বলে আশাবাদী আওয়ামী লীগ সভানেত্রী। এছাড়া, স্বাস্থ্য ও সেবা খাতেও দু'দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।"
জমির আরো বলেন, "তুরস্কের রাষ্ট্রদূত জানিয়েছেন- আগামী বছরের মাঝামাঝি দু'দেশের মধ্যে সরাসরি তুরস্কের রাষ্ট্রীয় বিমান যোগাযোগ শুরু হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/জিএনএ/১২৫৩ ঘ.
bdnews24