২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে নিয়ে ঐকমত্যের সরকার করব: সৈয়দ আশরাফ

দেশের চলমান সঙ্কট মোকাবেলায় বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দলের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2008, 03:22 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

কিশোরগঞ্জ, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের চলমান সঙ্কট মোকাবেলায় বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দলের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, "নির্বাচনে জয়ী হলে মহাজোটের শরিক ছাড়াও দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের পক্ষের সব দল নিয়ে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করা হবে।" শনিবার নিজ নির্বাচনী এলাকা কিশোরগঞ্জে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশ শেষে সরকার গঠন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এ কথা বলেন। জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, "১১ ডিসেম্বরের মধ্যেই বিষয়টি ফয়সালা হবে।" জরুরি অবস্থা বিষয়ে আওয়ামী লীগ নেতা বলেন, "জরুরি অবস্থা হচ্ছে অযৌক্তিক ব্যবস্থা। নির্বাচনের আর মাত্র তিন সপ্তাহ বাকি আছে। এ অবস্থায় জনগণের কাছে যাওয়া সম্ভব নয়। তাই অবশ্যই জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে।" জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় সৈয়দ আশরাফ বলেন, "ওয়ান এলেভেন জাতির প্রত্যাশা পূরণ করতে পারেনি। দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিচার হয়নি, তাদের ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তাহলে কেন জাতির জীবন থেকে মূল্যবান দুটি বছর কেড়ে নেওয়া হল?" সদর উপজেলার আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে দুপুরে তিনি হোসেনপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অপর এক কর্মী সভায় বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৭ ঘ.