২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়ররা সংসদ নির্বাচনে দাড়াতে পারবেন না: হাইকোর্ট

সিটি করপোরেশনের মেয়ররা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে রায় দিয়েছে হাইকোর্ট। ঢাকা সিটি করপোরেশন মেয়র সাদেক হোসেন খোকার পক্ষে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি তারিক-উল-হাকিম ও ফারাহ মাহবুবের বেঞ্চ শুনানি শেষে এ রায় দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2008, 05:14 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি করপোরেশনের মেয়ররা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে রায় দিয়েছে হাইকোর্ট। ঢাকা সিটি করপোরেশন মেয়র সাদেক হোসেন খোকার পক্ষে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি তারিক-উল-হাকিম ও ফারাহ মাহবুবের বেঞ্চ শুনানি শেষে এ রায় দেয়। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে আইনজীবী শাহদীন মালিক বলেন, "হাইকোর্টের এই রায়ের পর ছয়টি বিভাগীয় শহরের মেয়ররা সংসদ নির্বাচনে আর অংশ নিতে পারছেন না।" খোকার আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতকে যুক্তি দিয়ে বলেন, সিটি করপোরেশন একটি 'করপোরেট বডি'। এটা কোনো সরকারি বিধিবদ্ধ সংস্থা নয়। সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ ধারা অনুযায়ী সিটি করপোরেশনের মেয়র বা কমিশনার লাভজনক পদ হওয়ায় তারা পদত্যাগের পর তিন বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এর বিরোধিতা করে শাহদীন মালিক আদালতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ১২ ধারার কথা তুলে ধরেন। এর আগে গত ২৫ নভেম্বর সাদেক হোসেন খোকাকে আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চার সপ্তাহের জন্য স্থগিত করে হাইকোর্ট। পাশাপাশি খোকার নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ ওই সময়ের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতেও বলে আদালত। ২৩ নভেম্বর সাদেক হোসেন খোকা রিটটি করেন। গত বছর ঢাকা সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়েছে। এরপর এই সিটি করপোরেশনে আর কোনো নির্বাচন হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/২৩০৬ঘ.