২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরপিও-র কিছু ধারা বজায় থাকায় জটিলতা হচ্ছে: বিএনপি

সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১(ই) সহ কিছু ধারা বলবৎ থাকায় প্রার্থী বাছাইয়ে জটিলতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। একইসঙ্গে মনোনয়ন প্রত্যাহারের পরদিন থেকে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি আবারও জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2008, 04:47 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১(ই) সহ কিছু ধারা বলবৎ থাকায় প্রার্থী বাছাইয়ে জটিলতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। একইসঙ্গে মনোনয়ন প্রত্যাহারের পরদিন থেকে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি আবারও জানিয়েছে তারা। বৃহস্পতিবার রাতে গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান। সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের বিষয়ে অভিযোগ করে তিনি বলেন, "এই প্রথম নতুন আইনে নির্বাচন হতে যাচ্ছে। এসব বিষয়ে জটিলতা হবে বলে আমরা আগেই কমিশনকে অবহিত করেছিলাম। কিন্তু দেখা গেছে নতুন আদেশে কিছু ধারার কারণে স্থানভেদে রিটার্নিং কর্মকর্তারা একেক রকম সিদ্ধান্ত দিচ্ছেন।" একটি উদাহরণ দিয়ে তিনি বলেন, "ঝালকাঠি-১ আসনে বিএনপি প্রার্থী মনোনয়নপত্রের সঙ্গে সম্পদ ও আয়-ব্যয়ের বিবরণ দাখিল করলেও মনোনয়নপত্রের নির্ধারিত স্থানে এই বিষয়টি উল্লেখ করেননি। কিন্তু রিটার্নিং কর্মকর্তা এ বিষয়টি সহানুভূতির সঙ্গে না দেখে তার মনোনয়নপত্রই বাতিল করে দেয়। এরকম জটিলতা আরো কয়েকটি জায়গায় হয়েছে। নির্বাচন কমিশনকে আমরা বিষয়টি জানিয়েছি।" নজরুল ইসলাম খান আরো বলেন, "ঝালকাঠি-১ আসনের বিএনপি দলীয় প্রার্থী রফিকুল ইসলাম জামাল এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছেন। আশা করছি বিষয়টি কমিশন সহানুভূতির সঙ্গে দেখবে।" জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি পুনরুল্লেখ করে তিনি বলেন, " বর্তমান পরিবেশে দেশে আর জরুরি অবস্থা জারি রাখার কোনো যৌক্তিকতা নেই।" এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, "মনোনয়নপত্র প্রত্যাহারের দিনই জোটের প্রার্থী তালিকা কমিশনের কাছে দেওয়া হবে। আওয়ামী লীগও এবিষয়ে ইতোমধ্যে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে। কমিশনও তাতে রাজি হয়েছে।" নজরুল ইসলাম আরো বলেন, "যদি জোটের চূড়ান্ত তালিকায় কোনো আসনে প্রার্থী না থাকে, সেখানে বন্ধুভাবাপন্ন স্বতন্ত্র প্রার্থী আমাদের প্রার্থী হিসেবে থাকবেন। তবে সেক্ষেত্রে তাকে প্রতীক দেওয়া হবে না। এ বিষয়গুলো ১১ ডিসেম্বর চূড়ান্ত করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এসকে/২২৩৬ঘ.