২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলাপিদের নির্বাচন ঠেকাতে ব্যাংকগুলোকে আপিলের নির্দেশ

আদালতের স্থগিতাদেশের সুযোগ নিয়ে প্রকৃত ঋণ খেলাপিদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ঠেকানোর জন্য স্থগিতাদেশের বিরুদ্ধে দ্রুত আপিল করতে কেন্দ্রীয় ব্যাংক ও অন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2008, 04:41 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

আবদুর রহিম হারমাছি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের স্থগিতাদেশের সুযোগ নিয়ে প্রকৃত ঋণ খেলাপিদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ঠেকানোর জন্য স্থগিতাদেশের বিরুদ্ধে দ্রুত আপিল করতে কেন্দ্রীয় ব্যাংক ও অন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। আগামী ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত চার দিনে (রোববার থেকে বুধবার) মোট ৪২ জন ঋণ খেলাপি উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনে ঋণ খেলাপিদের প্রার্থী হওয়া প্রসঙ্গে অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যারা আদালতের স্থগিতাদেশ নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা যদি আসলেই খেলাপি হয়ে থাকেন তাহলে স্থগিতাদেশের বিরুদ্ধে দ্রুত আপিল করতে কেন্দ্রীয় ব্যাংক ও অন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। দেশের একজন নাগরিক হিসেবে আমি দেখতে চাই যে, কোনো ঋণ খেলাপি যেন নির্বাচনে অংশ নিতে না পারে।" তিনি বলেন, " বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আইন সংশোধনসহ বেশকিছু পদক্ষেপ নিয়েছিল। এরপরও যদি বিচার বিভাগের (আদালত) স্থগিতাদেশের কারণে কোনো ঋণ খেলাপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায় তাহলে আমাদের (সরকার) দুঃখপ্রকাশ ছাড়া আর কিছু করার নেই।" বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত (৩ ডিসেম্বর) মোট ৩১২ জন ঋণ খেলাপি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ পেয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও সংসদ নির্বাচনে প্রার্থিতা নিশ্চিত করতে গত চার দিনে (রোববার থেকে বুধবার) ৪২ জন ঋণ খেলাপি আদালতের স্থগিতাদেশ নিয়েছেন। এর আগে বাকি ২৭০ জন বিভিন্ন সময়ে স্ব-নামে বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে খেলাপি ঋণ থাকায় আদালতের স্থগিতাদেশ নিয়েছেন। এদিকে বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (সিআইবি প্রধান) খন্দকার মাজহারুল হক বলেন, যেসব প্রার্থী আদালতের স্থগিতাদেশ নিয়েছেন তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আপিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকে অতিরিক্ত অভিজ্ঞ আইনজীবি নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকেও আদালতের স্থগিতাদেশ নেওয়া প্রার্থীদের বিরুদ্ধে আইনি লড়াই চালাতে নির্দেশ দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক জানান। সংবাদ সম্মেলনে ঋণ খেলাপি ৮৮ জন প্রার্থী এবং গত কয়েক দিনে আদালতের স্থগিতাদেশ পাওয়া ৪২ জনের নাম ও তাদের রাজনৈতিক পরিচয় জানতে চাইলে খন্দকার মাজহারুল হক বলেন, "ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এ ধরনের নামের তালিকা প্রকাশ করার বিধান নেই। এ কারণেই কেন্দ্রীয় ব্যাংক থেকে কখনোই এ তালিকা প্রকাশ করা হয় না।" পত্রিকায় প্রকাশিত নামের সঙ্গে তালিকার অনেক 'গরমিল' আছে বলে জানান মাজহারুল হক। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, কেন্দ্রীয় ব্যাংকের সিআইবি ঋণ খেলাপিদের যে তালিকা করেছে তাতে যাদের ৫০ হাজার টাকার বেশি খেলাপি ঋণ আছে কেবল তারাই তালিকাভুক্ত হয়েছেন। অথচ যার এক টাকা খেলাপি আছে সেও ঋণ খেলাপি। যাদের ৫০ হাজার টাকার নিচে খেলাপি ঋণ আছে তাদের তালিকা সংশ্লিষ্ট ব্যাংক থেকে নির্বাচন কমিশন বা রিটর্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এটি/টিএইচ/এসকে/২২৩৩ঘ.