ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়নের চিঠি বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ।
মঙ্গলবার সন্ধ্যার থেকে চিঠি বিতরণ শুরু হয়।
প্রথম দিকের চূড়ান্ত মনোনয়নের চিঠিগুলোর একটি পেয়েছেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ফুটবলার দেওয়ান শফিউল আরেফিন টুটুল। মানিকগঞ্জ-২ আসনে চূড়ান্ত দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন তিনি।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষর সম্বলিত চিঠিতে উল্লেখ করা হয়েছে "দেওয়ান শফিউল আরেফিন টুটুলকে চূড়ান্তভাবে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হল।"
মানিকগঞ্জ ২ আসনে সর্বপ্রথম আওয়ামী লীগের শামসুদ্দিন আহমেদকে মনোনয়নের চিঠি দেওয়া হয়। পরে একই আসনে মনোনয়নের চিঠি পান শফিউল আরেফিন টুটুল।
কক্সবাজার ৪ আসনে চূড়ান্ত মনোনয়নের চিঠি পান আব্দুর রহমান বধি।
এখানে আগে মোহাম্মদ আলীকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছিল।
সুধাসদনের একটি সূত্র নাম না প্রকাশের শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২ জন করে মনোনয়ন দেওয়া ২৩ টি আসনে আওয়ামী লীগ মঙ্গলবার রাতের মধ্যে একজন করে প্রার্থী চূড়ান্ত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএ/এসকে/২২০৪ঘ.
bdnews24