২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পছন্দের প্রার্থী চেয়ে বিভিন্ন স্থানে আ. লীগ নেতাকর্মীদের বিক্ষোভ

মহাজোট থেকে দলীয় প্রার্থী চেয়ে এবং পছন্দের নেতার মনোনয়ন দাবি করে কয়েকটি জেলায় মঙ্গলবার আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2008, 03:17 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহাজোট থেকে দলীয় প্রার্থী চেয়ে এবং পছন্দের নেতার মনোনয়ন দাবি করে কয়েকটি জেলায় মঙ্গলবার আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: বগুড়া: বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মাওলার এলাকায় আসার খবর পেয়ে মঙ্গলবার সকালে দুপচাঁচিয়া আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। সকাল সাড়ে ১০ থেকে সাড়ে ১১টা পর্যন্ত দুপচাঁচিয়ায় দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করার সময় স্থানীয় নেতা-কর্মীরা কালো পতাকা হাতে নিয়ে এবং মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানায়। মানববন্ধন শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- দলের উপজেলা সাধারণ সম্পাদক এস,এম কায়কোবাদ, জেলা যুবলীগের সদস্য আহম্মেদুর রহমান বিপ্লব, যুবলীগের সভাপতি শাহিদুর রহমান কয়েন, সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালেব, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সামছুল আলম টপি, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ। তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে এ আসনে গোলাম মাওলাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বলে তারা দাবি করে। গোলাম মাওলার মনোনয়ন বাতিল করে আনছার আলী মৃধাকে প্রার্থী করার দাবিতে গত দুই সপ্তাহ ধরে দুপচাঁচিয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ, সংবাদ সম্মেলন, মাওলার কুশপুত্তলিকা দাহ ও প্রতিবাদ সমাবেশ করে আসছে। আনছার আলী মৃধা এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। যশোর: ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ঝিনাইদহ-৪ আসনে আনোয়ারুল আজিম আনারকে দলীয় মনোনয়ন দেওয়ার প্রতিবাদ করেছেন। তারা অভিযোগ করেন, আনার ইন্টারপোলের তালিকাভুক্ত সন্ত্রাসী, আন্তর্জাতিক সোনা ও মাদক চোরাচালানী এবং ৮টি হত্যাসহ ডজনখানেক মামলার আসামি। এ আসনে তারা আব্দুল মান্নানকে দলের প্রার্থী করার দাবি জানান। তা নাহলে তারা গণ পদত্যাগের হুমকি দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান, উপজেলা আওয়ামী লীগের নেতা জহুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী, আ. লীগের প্রবীণ নেতা লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, শ্রমিক লীগের আহবায়ক জহুরুল ইসলাম, পৌর আহবায়ক মাসুদুর রহমান, যুবলীগের আহবায়ক রেজাউল করিম রেজা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, রায়পুর ইউপি সাধারণ সম্পাদক কৃষ্ণপদ চক্রবর্তীসহ উপজেলার ১১টি ইউনিয়নের শতাধিক নেতৃবৃন্দ। লালমনিরহাট: লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে নুরুজামান আহমেদকে মহাজোটের প্রার্থী করার দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুপুর ১টার দিকে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে তারা কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক বিজয় কুমার রায়। সংবাদ সম্মেলনে এ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টি মনোনীত মজিবর রহমানের পরিবর্তে নুরুজ্জামানকে দেওয়ার দাবি জানানো হয়। এতে আরও উপস্থিত ছিলেন- কালীগঞ্জ আওয়ামী লীগের স্থানীয় নেতা মজিবর রহমান, আব্দুল মতিন, এটিএম আখতারুল ইসলাম সফি প্রমুখ। সাতক্ষীরা: সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর) আসনে মহাজোট থেকে জাতীয় পার্টির প্রার্থী দেওয়ার খবর পেয়ে সোমবার রাতে স্থানীয় আওয়ামী লীগ জরুরি বর্ধিত সভা করে। তারা দলের প্রার্থী এসএম নজরুল ইসলামকে পরিবর্তন করার দাবি জানায়। মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করে। সংবাদ সম্মেলনে বলা হয়, নজরুল ইসলামের পরিবর্তে এ আসনে যদি জাতীয় পার্টির এম এ জব্বারকে মহাজোটের প্রার্থী করা হয় তাহলে স্থানীয় নেতা-কর্মীরা গণ পদত্যাগ করবেন। তাদের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- বুধবার মানববন্ধন, বৃহস্পতিবার গণসংযোগ, শুক্রবার গণস্বাক্ষর সংগ্রহ। এসবের পরও প্রার্থী করা হলে সাতক্ষীরা আওয়ামী লীগ অসহযোগ আন্দোলন নামবে এবং ৮ডিসেম্বর গণপদত্যাগ করবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মহিদুল ইসলাম, আবু নাছিম ময়না, যুগ্ম সম্পাদক আবু আহমেদ, ফিরোজ আহম্মেদ, শেখ সাঈদ উদ্দীন, সাইফুল করিম সাবু, আব্দুল মান্নান, আব্দুল খালেক, আক্তারুজ্জামান, মাহমুদ আলী সুমন প্রমুখ। সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-২ আসনে দলের প্রার্থী পরিবর্তন না করার দাবিতে জেলা আওয়ামী লীগের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা দুপুর ৩টার দিকে শহরের এসএস রোডের দলের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ওই সময় আওয়ামী লীগ নেতারা সাংবাদিকদের বলেন, দল জান্নাত আরা হেনরীকে এ আসনে মনোনয়ন দিয়েছে। ওই সময় যুবলীগ এর প্রতিবাদ জানিয়ে কার্যালয়ে তালা দিয়েছিল। সে সময় তারা দলের সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। তারা বলেন, মঙ্গলবার এ আসনে আওয়ামী লীগের প্রার্থীর বদল মহাজোট থেকে জাতীয় পার্টি নেতা ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় মহাসচিব আমিনুল ইসলাম ঝন্টুকে প্রার্থী করার কথা জানানো হয়। তারা এ পরিবর্তন মানেন না। আওয়ামী লীগ নেতারা বলেন, হেনরীকে পরিবর্তন করা হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা আবু ইউসুফ সূর্যসহ অন্যান্য নেতাকর্মীরা। সিরাজগঞ্জর সদর থানার উপ-পরিদর্শক নুরন্নবী আগুন দেওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আগুন দেওয়া ছাড়া আর কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৯ ঘ.