ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন নিয়ে মামলা শুনানির জন্য হাইকোর্ট কার্যতালিকার অন্তর্ভূক্ত করেছে।
সোমবার বিচারপতি মো. আবদুর রশিদের একক বেঞ্চ মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভূক্ত করার আদেশ দেন।
আবেদনকারী পক্ষের আইনজীবী ফরিদুল আলম তালুকদার সাংবাদিকদের বলেন, হাইকোর্ট মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভূক্ত করেছে। চলতি সপ্তাহেই এর ওপর শুনানি হতে পারে।
১৫ আগস্ট 'জাতীয় শোক দিবস' হওয়ায় ওইদিন খালেদা জিয়া যাতে জন্মদিন পালন করতে না পারেন সেজন্য চিরস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন জানিয়ে আইনজীবী মো. সোহরাওয়ার্দী ১৯৯৭ সালের ২০ আগস্ট নিম্ন আদালতে একটি মামলা দায়ের করেন।
১৯৯৮ সালের ১১ আগস্ট খালেদা জিয়া এই মামলাটির আর্জি খারিজের আবেদন জানান। নিম্ন আদালত ১৯৯৯ সালের ১৬ সেপ্টেম্বর খালেদার আবেদনটি খারিজ করে দেন।
এর বিরুদ্ধে খালেদা হাইকোর্টে আবেদন জানান। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ১৯৯৯ সালের ২৯ সেপ্টেম্বর রুল জারি করে।
আবেদনকারী পক্ষের আইনজীবী ফরিদুল আলম তালুকদার সেই রুলের ওপর শুনানির জন্য আবেদন জানান।
তার আবেদনের বিরোধিতা করে খালেদার পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, এ মামলায় খালেদার পক্ষের সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ নির্বাচনের জন্য ব্যস্ত রয়েছেন। তাই এই মুহুর্তে তিনি এই আবেদনের ওপর শুনানিতে অংশ নিতে পারবেন না।
এই রুলের ওপর শুনানি এখন কেন জরুরি আদালতের এ প্রশ্নের জবাবে ফরিদুল আলম তালুকদার বলেন, গত ২৯ নভেম্বর খালেদা জিয়া মিথ্যা তথ্য দিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২১৩৭ঘ.
bdnews24