ফরিদপুর, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুর -৩ (সদর) আসনে মনোনয়ন পত্র জমা দেওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে স্বাধীনতাবিরোধী ও জনবিচ্ছিন্ন আখ্যা দিয়ে তাকে এ আসনে চারদলীয় জোটের প্রার্থী না করার দাবি জানিয়েছে ফরিদপুর বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা।
এ আসন থেকে পাঁচবার নির্বাচিত সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফকে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। এ আসনে মুজাহিদকে চারদলীয় জোটের প্রার্থী করা হলে তাকে প্রতিহত করারও ঘোষণা দেওয়া হয়।
সোমবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানায়। একই দাবিতে মঙ্গলবার প্রতীক অনশন কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছে তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান পলাশ।
লিখিত বক্তব্যে বলা হয়, ফরিদপুর-৩ (সদর) আসনে চারদলীয় প্রার্থী হিসেবে মুজাহিদকে মেনে নেওয়া হবে না। তাকে প্রতিহত করা হবে। এ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফকে চারদল থেকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।
কামাল ইবনে ইউসুফকে মনোনয়ন না দেওয়া হলে এ আসনটি বিএনপির হাত ছাড়া হবে বলেও দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের অনেকেই উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের আগে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের বাধার মুখে ঘোষিত বিক্ষোভ মিছিল করতে পারেনি। রোববারও বিএনপির নেতা-কর্মীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করে।
এ আসনে মনোনয়ন না পেয়ে রোববার শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন কামাল ইবনে ইউসুফ।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি বলেছিলেন, "কোন হিসেবে মুজাহিদকে এখানে মনোনয়ন দেওয়া হল তা আমার বোধগম্যনয়। আমি বিএনপিতে আছি এবং থাকবো। আমার নেত্রী বেগম খালেদা জিয়া।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২১ ঘ.
bdnews24