ঢাকা, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন বণ্টন নিয়ে বিএনপির সঙ্গে চূড়ান্ত সমঝোতা হয়নি বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
তবে ঈদের আগেই তা হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
সোমবার দুপুরে মগবাজারে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে একথা জানান মুজাহিদ।
জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, "আসন নিয়ে বিএনপির সঙ্গে চূড়ান্ত সমঝোতা হয়নি। জোট থেকে আমাদের ৩৫টি আসন দিয়েছে। আরও কিছু আসন আমরা চাই। আমরা আশাবাদী, ঈদের আগেই বিষয়টি সমাধান হয়ে যাবে।"
জামায়াতে ইসলামী অতিরিক্ত কোন কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় - এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি।
তবে চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ ও মেহেরপুরের আসন নিয়ে দরকষাকষি চলেছে বলে জানিয়েছেন একাধিক জামায়াত নেতা।
আরেকটি প্রশ্নের জবাবে মুজাহিদ বলেন, "গত দুই বছরে চার দলীয় জোটের ওপর যেভাবে নির্যাতন হয়েছে, তাতে জোটের জনপ্রিয়তা বেড়েছে।"
২০০৭ সালের ২২ জানুয়ারির বাতিল হয়ে যাওয়া নির্বাচনে চারদলীয় জোট থেকে ৩৪টি আসন পেয়েছিলো জামায়াত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এসকে/১৮৪১ঘ.
bdnews24