ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিএনপি নেতা মওদুদ আহমেদ সোমবার জামিনে মুক্তি পেয়েছেন। তার বিরুদ্ধে দায়েরকৃত ছয়টি মামলাতে জামিন পেয়ে সোমবার মুক্তি পান মওদুদ।
উপ-কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে জামিনে ছাড়া পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে বেরিয়ে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
গত বুধবার নাইকো দুর্নীতি মামলায় জামিন পান মওদুদ। মওদুদের কৌঁসুলি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, " মওদুদ আহমেদের বিরুদ্ধে দায়ের করা ছয়টি মামলার মধ্যে পাঁচটিতে আগেই জামিন দিয়েছিল আদালত। সর্বশেষ এ মামলাটিতে জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোন বাধা নেই।"
গত বছরের ১৩ এপ্রিল গুলশানের বাসভবন থেকে গ্রেপ্তার হন মওদুদ আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসকে/১৮২৬ঘ.
bdnews24