ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আসন্ন নবম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় রোববার শেষ হয়েছে। এবার তিনশ' আসনে দুই হাজার ৪৬০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবীর রোববার রাত ১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৩ ও ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রতাহারের শেষ সময় ১১ ডিসেম্বর।
নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর রোববার রাত ১২টা পর্যন্ত কমিশন সচিবালয়ে অবস্থান করছিলেন। যুগ্ম সচিব মাঠ পর্যায়ের মনোনয়ন দাখিলকারীদের নাম ও সংখ্যা সংগ্রহের জন্য সমন্বয়ের দায়িত্ব পালন করেন।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপ সচিব মিহির সারোয়ার মোর্শেদ এর আগে রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
এবার ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের পক্ষে দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের সুযোগ পাবে।
২০০৭ এর ২২ জানুয়ারির বাতিল হওয়া নির্বাচনে ৭৬টি রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী মিলে প্রায় দুই হাজার প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
সর্বশেষ ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন দুই হাজার ৫৬৩ জন। সেবার ৫৫টি রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচনে অংশ নেন।
১৯৯৬ সালের ৭ম জাতীয় সংসদ নির্বাচনে তিন হাজার ৯৩ জন, ৬ষ্ঠ সংসদ নির্বাচনে এক হাজার ৯৮৭ জন, ৫ম সংসদ নির্বাচনে তিন হাজার ৮৫৫ জন, ৪র্থ সংসদ নির্বাচনে এক হাজার ১২০ জন, ৩য় সংসদ নির্বাচনে এক হাজার ৫২৭ জন, ২য় সংসদ নির্বাচনে দুই হাজার ৩৫২ জন এবং ১৯৭৩ সালের ১ম সংসদ নির্বাচনে এক হাজার ২০৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
ইসি বলেছিল যেকোনো নিবন্ধিত দলের পক্ষ থেকে প্রাথমিকভাবে একাধিক প্রার্থীকে মনোনয়পত্র প্রদান করা যাবে। তবে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলে মনোনয়নপত্র বাছাইয়ের আগে চূড়ান্তভাবে একজন মনোনীত প্রার্থীর নাম রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক অথবা সমপর্যায়ের পদাধিকারীকে একটি প্রত্যয়নপত্র প্রদান করে রিটার্নিং অফিসারের কাছে দিতে হবে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, গত ২ নভেম্বর মনোনয়নপত্র দাখিল শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জিএমএ/ডিডি/এসকে/০১৩৬ঘ.
bdnews24