২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়াসহ বিএনপির সংস্কারপন্থীরা স্বতন্ত্র প্রার্থী

আবদুল মান্নান ভূঁইয়াসহ বিএনপির 'সংস্কারপন্থী' হিসেবে পরিচিত বেশ কয়েকজন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে রোববার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে রয়েছেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জেডএ খান, সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান, শাহ আবুল হোসাইন, সাবেক সাংসদ আব্দুল আলীম, মফিকুল ইসলাম তৃপ্তি, মোশাররফ হোসেন মঙ্গু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2008, 03:24 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবদুল মান্নান ভূঁইয়াসহ বিএনপির 'সংস্কারপন্থী' হিসেবে পরিচিত বেশ কয়েকজন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে রোববার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে রয়েছেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জেডএ খান, সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান, শাহ আবুল হোসাইন, সাবেক সাংসদ আব্দুল আলীম, মফিকুল ইসলাম তৃপ্তি, মোশাররফ হোসেন মঙ্গু। ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার তারা নিজ নিজ এলাকায় মনোনয়নপত্র দাখিল করেন। বিএনপির বহিষ্কৃত মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন নরসিংদী-৩ (শিবপুর) আসনে। জেডএ খান ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দেন। ভোলা-১ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান। সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক কিশোরগঞ্জ- ৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জয়পুরহাট-১ (পাঁচবিবি ও সদর) আসনে মনোনয়নপত্র জমা দেন আব্দুল আলীম। যশোর-১ আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল ইসলাম তৃপ্তি। সাবেক অর্থ প্রতিমন্ত্রী শাহ আবুল হোসাইন মনোনয়নপত্র জমা দেন বরিশাল-৪ আসনে। বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র জমা দেন মোশাররফ হোসেন মঙ্গু। এদিকে তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের ভাই সাবেক বিএনপি সাংসদ হাফিজ ইব্রাহিমের পক্ষে ভোলা-২ (দৌলতখান) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। হাফিজ ইব্রাহিম বর্তমানে কারাগারে আছেন। দলীয় মনোনয়ন না পেয়ে জোট সরকারের নিন্দিত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। খুনের আসামীকে বাঁচাতে ঘুষ নেওয়াসহ বিভিন্ন মামলার আসামি বাবর কারাগারে থাকায় রোববার তার পক্ষে বিএনপির কিছু নেতাকর্মী নেত্রকোনা- ৪ আসনে মনোনয়নপত্র জমা দেন। বিএনপির সাবেক সাংসদ গোলাম রব্বানী একই কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা- ১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদীন। বরগুনা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক সাংসদ নূরুল ইসলাম মনি। এছাড়া, কক্সবাজার- ৩ আসনে প্রার্থী হয়েছেন সাবেক সাংসদ প্রকৌশলী মোহাম্মদ শহিদুজ্জামান। গত বছর জরুরি অবস্থা জারির পর প্রধান দুই দলে গণতন্ত্রায়ণের কথিত লক্ষ্যে দৃশ্যত সেনা-সমর্থিত সরকারের পৃষ্ঠপোষকতায় সংস্কারের তোড়জোড় চলে। বিএনপিতে মান্নান ভূঁইয়াকে ঘিরে 'সংস্কারপন্থী 'একটি ধারা সংগঠিত হতে থাকে। ওই বছরের ২৫ জুন মান্নান ভূঁইয়া দলের 'অভ্যন্তরীণ সংস্কারে' তার প্রস্তাব উত্থাপন করেন। তবে নানা ঘটনাপ্রবাহের পর কয়েকমাস আগে খালেদা জিয়া মুক্তি পাওয়ার পরপরই 'সংস্কারপন্থীদের' তৎপরতা স্তিমিত হয়ে যায়। সংস্কারপন্থী অনেকে বিএনপির মনোনয়ন চেয়ে সাক্ষাৎকার দিলেও বেশিরভাগকে মনোনয়ন দেওয়া হয়নি। তবে কয়েক মাসের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিচয়দানকারী সাইফুর রহমান দুটি আসনে মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন পেয়েছেন সংস্কারপন্থীদের নেতা হাফিজউদ্দিন এবং সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমানও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এসএনডি/এসকে/২১০৭ঘ.