ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জন্ম তারিখ ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে- এ অভিযোগে ভোটার তালিকা থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশন বরাবরে উকিল নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবী।
রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ফজিলাতুন্নেসা বাপ্পির পক্ষে অ্যাডভোকেট মো. মোতাহের হোসেন সুজা রেজিস্টার্ড ডাকে এই নোটিশ পাঠান।
অ্যাডভোকেট সুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খালেদা জিয়া ভোটার তথ্য ফরমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য দিয়েছেন। তাই তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার দাবি জানিয়েছি আমরা। অন্যথায় খালেদা জিয়ার নাম বাদ দেওয়ার জন্য আদালতের নির্দেশনা পেতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
নোটিশে বলা হয়, ১৯৯৭ সালের ৯ আগস্ট প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন থেকে জানা গেছে খালেদা জিয়া ১৯৬১ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষার নথিপত্র অনুযায়ী তার জন্ম তারিখ ১৯৪৭ সালের ৫ সেপ্টেম্বর। কিন্তু গত ২৯ নভেম্বর ভোটার তথ্য ফরমে তিনি জন্ম তারিখ উল্লেখ করেছেন ১৯৪৭ সালের ১৫ আগস্ট।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ আগস্টকে অমর্যাদা করতেই খালেদা জিয়া এই দিনকে জন্মদিন হিসেবে প্রচার করছেন বলে নোটিশে মন্তব্য করা হয়।
নোটিশে আরো বলা হয়, এর আগে ১৯৭৮ সালের ১ এপ্রিল পাসপোর্টের জন্য আবেদন করতে গিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী ১৯৪৬ সালের সেপ্টেম্বর মাসকে জন্ম সময় উল্লেখ করলেও নির্দিষ্ট কোনো তারিখ দেননি। অন্যদিকে বিয়ের কাবিননামায় তার জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে ১৯৪৭ সালের ৯ আগস্ট।
নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তাকে এই উকিল নোটিশ পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এসকে/২১১৬ঘ.
bdnews24