২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বছরের বেশি সাজাপ্রাপ্তরা নির্বাচন করতে পারবে না

জরুরি আইনে দুই বছরের বেশি সাজাপ্রাপ্তরা কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. রেজাউল হকের হাইকোর্ট বেঞ্চ রোববার সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার দায়ের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2008, 11:01 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি আইনে দুই বছরের বেশি সাজাপ্রাপ্তরা কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. রেজাউল হকের হাইকোর্ট বেঞ্চ রোববার সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার দায়ের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেয়। রায়ে বলা হয়, "সংবিধানের মানদণ্ডে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নির্বাচনে অংশগ্রহণে জরুরি ক্ষমতা আইনের বিধান প্রযোজ্য হবে।" রায়ের পরপরই সরকারের ডেপুটি এটর্নি জেনারেল জেবিএম হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জরুরি ক্ষমতা আইনের নির্বাচনে অযোগ্যতা সংক্রান্ত ১১(৫) ধারাটি সংবিধানের ৬৬(২)(খ) অনুচ্ছেদ সাপেক্ষে প্রযোজ্য হবে বলে হাইকোর্ট রায় দিয়েছে।" তিনি বলেন, "এই রায়ের ফলে কোন ব্যক্তির দণ্ড দুই বছরের বেশি হলে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এর কম হলে প্রার্থী হতে পারবেন।" তিনি আরও বলেন, " নাজমুল হুদার সাজা দুই বছরের বেশি হওয়ায় তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।" নাজমুল হুদার আইনজীবী আশানূর রহমান বলেন, "নাজমুল হুদা নির্বাচনে প্রার্থী হতে পারবেন। কারণ তিনি সাজার বিরুদ্ধে আপিল করেছেন। আপিল বিচারাধীন থাকাবস্থায় প্রার্থী হওয়া যাবে বলে সর্বোচ্চ আদালতের রায়ে নজির রয়েছে।" আশানূর রহমান আরও বলেন, "জরুরি ক্ষমতা বিধিমালার ১১(৫) বিধি এই রায়ের পরে আর থাকছে না। দণ্ডিতদের প্রার্থী হওয়া না হওয়ার বিষয়টি সংবিধানের মানদণ্ডে বিবেচিত হবে।" আপিল বিচারাধীন থাকাবস্থায় দণ্ডপ্রাপ্ত প্রার্থী হতে পারবেন কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ডেপুটি এটর্নি জেনারেল জেবিএম হাসান বলেন, "আপিল বিচারাধীন থাকুক আর না থাকুক দুই বছরের বেশি সাজা হলে তিনি প্রার্থী হতে পারবেন না।" এ আদেশ সব দণ্ডপ্রাপ্তের ক্ষেত্রে প্রযোজ্য হবে কি না জানতে চাইলে তিনি বলেন, "রিট আবেদনটি নিস্পতি করে দেওয়ায় এ রায় সকলের জন্য প্রযোজ্য হবে।" ব্যারিস্টার শফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রায়টি বৈধ। কারণ, যারা দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত হয়েছেন, নির্বাচনে তাদের অংশগ্রহণের ক্ষেত্রে সংবিধানে অযোগ্যতার বিধান রয়েছে। হাইকোর্ট সংবিধানের সেই বিধান সমুন্নত রেখেই রায় দিয়েছে।" জরুরি ক্ষমতা বিধিমালার ১১(৫) ধারায় বলা হয়েছে, "এই বিধিমালার অধীন দায়েরকৃত কোনো মামলায় কোনো ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হইলে এবং উক্ত দণ্ডের বিরুদ্ধে আপিল দায়ের করা হইলে উক্ত দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জাতীয় সংসদসহ যে কোনো স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানে নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য হইবেন।" এদিকে, সংবিধানের ৬৬(২)(ঘ) অনুচ্ছেদে বলা হয়েছে, "কোনো ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ সদস্য থাকিবার যোগ্য হইবেন না, যদি- তিনি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অন্যূন দুই বৎসরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাহার মুক্তিলাভের পর পাঁচ বৎসরকাল অতিবাহিত না হইয়া থাকে।" ব্যারিস্টার নাজমুল হুদা জরুরি ক্ষমতা বিধিমালার নির্বাচনে অযোগ্যতার ১১(৫) ধারা সংবিধানের ৬৬ (২)(ঘ) অনুচ্ছেদের পরিপন্থি ঘোষণার দাবিতে ২৮ অক্টোবর হাইকোর্টে রিটটি দায়ের করেছিলেন। তার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ। তাকে সাহায্য করেন আশানূর রহমান। সরকারপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ। তাকে সহায়তা করেন ডেপুটি এটর্নি জেনারেল জেবিএম হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এজে/জিএনএ/১৬৫২ ঘ.