ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশ্র"তি না রাখার অভিযোগ এনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছেন।
প্রয়োজনে এককভাবে নির্বাচন অংশ নিয়ে পরবর্তীতে বিভিন্ন আসনে 'সুবিধামত' দলের সঙ্গে সমঝোতা করবেন বলেও জানিয়েছেন সাবেক এই রাষ্ট্রপতি। তবে চারদলে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি।
দলের প্রেসিডিয়ামের জরুরি বৈঠকের আগে রোববার বনানীতে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এরশাদ একথা বলেন।
জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের টানা দুদিনের আলোচনায় কোনো ফল না আসার পরদিন এরশাদ এ ঘোষণা দিলেন।
এরশাদ বলেন, " ১৪ দলীয় জোটের সঙ্গে এক চুক্তির মাধ্যমে জাতীয় পার্টি মহাজোট গড়ে তুলেছিল। চুক্তির শর্তের মধ্যে অন্যতম ছিল- জাপাকে ৬০টি আসন এবং অন্তত ছয় মাসের জন্য রাষ্ট্রপতির পদ প্রদান করা হবে। কিন্তু মহাজোটের অন্যতম প্রধান শরিক দল জাপার সঙ্গে আলোচনা না করেই আমাদের প্রস্তাবিত আসনগুলোতে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। এ অবস্থায় নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে এবং মহাজোট নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে আমরা আমাদের সব প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে বলেছি।"
মহাজোটের এ 'চুক্তি' যথাযথভাবে মেনে চলা না হলে এককভাবে নির্বাচন করা ছাড়া কোন বিকল্প থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
জাপা চেয়ারম্যান বলেন, " মহাজোট আনুষ্ঠানিকভাবে কখনও ভেঙ্গে দেওয়া হয়নি। ফলে মহাজোট এবং এর চুক্তির শর্তাবলী এখনও বহাল রয়েছে।"
সাবেক এই সেনা শাসক আরো বলেন, " তিনশ আসনে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করলেও অনেকে মহাজোটে থাকার কারণে দলীয় মনোনয়ন সংগ্রহ করেননি। তা সত্ত্বে আমরা ২৭৪টি আসনে ছয় শতাধিক প্রার্থী পেয়েছি।"
মহাজোটর একসঙ্গে নির্বাচন করার আর কোন সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "এখন পর্যন্ত সমঝোতা হয়নি। তবে সমঝোতা হতে পারে।"
চারদলীয় জোটের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনের সম্ভাবনা রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "এরকম কোন সম্ভাবনা নেই।"
আওয়ামী লীগ কতটি আসন দিতে চেয়েছিল জানতে চাইলে তিনি বলেন, "এবিষয়ে আমি কিছু বলবনা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফ/জিএনএ/১৬৪২ ঘ.
bdnews24