ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে জাতীয় পার্টির যাওয়া নিশ্চিত নয় বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যানের তথ্য সচিব সুনীল শুভ রায়।
আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের সঙ্গে দুই দিনের টানা আলোচনার মধ্যেই সুনীল রায় শনিবার রাতে একথা জানালেন। রোববার জাপার সভাপতিমণ্ডলীর সভাও ডেকেছেন দলের চেয়ারম্যান এইচএম এরশাদ।
সুনীল শুভ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা যতগুলো আসন চেয়েছিলাম ততগুলো পাইনি। আমাদের চেয়ারম্যানকে রাষ্ট্রপতি করারও ঘোষণা দেওয়া হয়নি। এ বিষয়ে আওয়ামী লীগের অনীহা দেখা যাচ্ছে।"
"ফলে মহাজোটে আমাদের যাওয়া এখনও নিশ্চিত নয়", বলেন তিনি।
সুনীল জানান, রোববার বিকাল সাড়ে ৩টায় জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সভা ডাকা হয়েছে।
জাতীয় পার্টি মহাজোটের হয়ে অংশ নেওয়া ক্ষেত্রে আওয়ামী লীগের কাছে ৬০টি আসন চেয়েছে বলে তিনি জানান।
এর আগে জাতীয় পার্টির প্রতিনিধি দল আওয়ামী লীগের কাছে ৭৪ আসনের একটি তালিকা দেয়।
শুক্রবার থেকে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, "আলোচনায় ভালো অগ্রগতি হচ্ছে। রোববার সকালে আবার আলোচনা হবে। আশা করছি, রোববারই সব চূড়ান্ত হয়ে যাবে।"
রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। আগামী ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনের তারিখ ঘোষিত রয়েছে।
জাতীয় পার্টিকে ৪০টি আসন ছেড়ে দেওয়া হবে বলে তখন আশা প্রকাশ করেন আনিসুল ইসলাম। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলোচনায় আনিসুল ইসলামে সঙ্গে ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন বাবলু।
জাপার সঙ্গে আলোচনায় অগ্রগতি হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলামও শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, "জাতীয় পার্টির সঙ্গে আলোচনার অনেকদূর অগ্রগতি হয়েছে। একসঙ্গে নির্বাচন এবং জয়ী হলে একসঙ্গে সরকার গঠনের লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে চলেছি।"
আসন ভাগাভাগির বিষয় চূড়ান্ত হয়েছে কিনা- জানতে চাওয়া হলে তিনি বলেন, "জাতীয় পার্টির দুই-তৃতীয়াংশ আশা পূরণ হয়েছে। কাল (রোববার) বাকিটা হয়ে যাবে।"
২০০৭ সালের বাতিল হওয়া সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটে জাতীয় পার্টিও ছিল। ১৯৯৬ সালে সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করেছিল আওয়ামী লীগ।
জাতীয় পার্টি থেকে আনোয়ার হোসেন মঞ্জুকে মন্ত্রীও করা হয়। তবে পরে এরশাদ সমর্থন প্রত্যাহার করে নিলেও মঞ্জু আলাদা জাতীয় পার্টি (জেপি) গঠন করে সরকারে থেকে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআরএফ/এমআই/০০১৮ ঘ.
bdnews24