ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা জেলা ও মহানগরের আসনগুলো ছাড়া বাকি সব আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শেষ করেছে দলটির সংসদীয় বোর্ড। শুক্রবার দুপুরের পর ঢাকার আসনগুলোর মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বৃহস্পতিবার সকালে আসন্ন সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়ে তা গভীর রাত পর্যন্ত চলে। ভোররাত ৪টার দিকে খালেদা জিয়া কার্যালয় থেকে বাসায় ফেরেন।
বিএনপির তথ্য সেলে সমন্বয়কারী মহিউদ্দিন খান মোহন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা জেলা ও মহানগরের আসনগুলোর সাক্ষাৎকার বাকি রয়েছে। আজ (শুক্রবার) দুপুর আড়াইটা থেকে পুনরায় সাক্ষাৎকার শুরু হবে।"
এবার সময় স্বল্পতার জন্য এবার প্রতিটি জেলার সব আসনের সব মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার একসঙ্গে নেওয়া হচ্ছে।
সংসদীয় বোর্ডে খালেদা জিয়া ছাড়াও আছেন- মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, এম সাইফুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মতিন চৌধুরী, ড. আরএ গনি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, এম শামসুল ইসলাম ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান।
এবার ২৬৩টি আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি হয় ২ হাজার ৯৬টি। ৩০০ আসনের বাকি ৩৭টির জন্য মনোনয়ন ফরম বিক্রি হয়নি। এগুলো চারদলীয় জোটের শরিকদের ছেড়ে দেওয়া হবে।
আগামী ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষিত আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩১৪ ঘ.
bdnews24