২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা প্রত্যাহারের দিনক্ষণ চায় বিএনপি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী বৃহস্পতিবার বলেছেন, তার দল জরুরি অবস্থা প্রত্যাহারের সুনির্দিষ্ট দিনক্ষণ চায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2008, 04:17 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী বৃহস্পতিবার বলেছেন, তার দল জরুরি অবস্থা প্রত্যাহারের সুনির্দিষ্ট দিনক্ষণ চায়। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদের সঙ্গে খালেদা জিয়ার এক বৈঠকের পর শমসের মবিন সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, "খালেদা জিয়া মনোনয়নপত্র প্রত্যহারের পরদিন থেকেই জরুরি অবস্থা প্রত্যাহারে দাবি জানিয়েছেন। ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনাতেও বিষয়টি উঠে এসেছে। বিএনপি চায় সরকার জরুরি অবস্থা প্রত্যাহারের দিনক্ষণ ঘোষণা করুক।" ইউরোপীয় পার্লামেন্টের সদস্য গ্র্যাফট আলেকজান্ডার ল্যাম্বসডর্ফের নেতৃত্বে চার সদস্যর প্রদিনিধি দলটি সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে যান। তারা প্রথমে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্যদের সঙ্গে বৈঠক করেন। পরে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। খালেদা জিয়া বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেওয়ার ফাঁকে ইইউ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। বৈঠক শেষে আলেকজান্ডার ল্যাম্বসডর্ফ বলেন, "বিএনপি নেত্রীর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমরা আশাবাদী।" শমসের মবিন বলেন, "আগামী নির্বাচনে যেসব বিষয় সমস্যা হতে পারে এবং সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হতে পারে- সেসব বিষয় ইইউ প্রতিনিধি দলের কাছে তুলে ধরা হয়েছে।" খালেদা জিয়া ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনার নিন্দা জানিয়েছেন বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএ/জেকে/২২০৫ ঘ.