চট্টগ্রাম, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ থেকে চট্টগ্রামে মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দিয়েছেন শিল্পপতি শামসুল আলম। ঢাকায় বিএনপি কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়াকে ফুলের তোড়া দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
মেসার্স ইলিয়াস ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম চট্টগ্রাম নগরীর বাকলিয়া আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন। তিনি চট্টগ্রাম- ৮ আসন থেকে মনোনয়ন চেয়ে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের কাছে সাক্ষাতকারও দেন।
বিএনপির সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শামসুল আলম বৃহস্পতিবার দুপুরে দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করে বিএনপিতে যোগ দিয়েছেন। এর পরপরই তিনি মনোনয়নের জন্য বিএনপির সংসদীয় বোর্ডে সাক্ষাতকার দেন।
চট্টগ্রাম- ৮ (কোতয়ালি) আসনে শামসুল আলমকে মনোনয়ন দেয়ার বিষয়টি কেন্দ্রীয় নেতারা প্রায় নিশ্চিত করেছেন বলেও জানান আমীর খসরু।
বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানও জানান, শামসুল আলমকে কোতোয়ালি আসন থেকে মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া চলছে।
নগরীর কোতোয়ালি আসনে আগের তিনটি সংসদ নির্বাচনের দুটিতে আবদুল্লাহ আল নোমান নির্বাচিত হন। সীমানা পুনর্বিন্যাসের পর এবার তিনি চট্টগ্রাম- ৯ (ডবলমুরিং) আসন থেকে নির্বাচন করতে চাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/২০৫১ ঘ.
bdnews24