ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাকে আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি তারিক-উল-হাকিম ও বিচারপতি ফারাহ মাহবুবের ডিভিশন বেঞ্চ খোকার আবেদনের ভিত্তিতে এ আদেশ দেয়। এছাড়া খোকার নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে বলেছে আদালত।
গত ২৩ নভেম্বর সাদেক হোসেন খোকা এ রিট করেন।
সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ ধারা অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়র বা কমিশনার লাভজনক পদে থাকায় তারা পদত্যাগের পর তিন বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
আদালতের আদেশের পর খোকার আইনজীবী খোন্দকার মাহবুবউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, "আগামী নির্বাচনে খোকার অংশগ্রহণে কোনো বাধা নেই। আদালতের এই আদেশ সব মেয়রের মধ্যে শুধু মেয়র খোকার জন্যই প্রযোজ্য কারণ তিনিই রিট করেছেন।"
নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী শাহদীন মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্ট খোকার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন। কিন্তু নির্বাচন কমিশন তার বিরুদ্ধে আলাদাভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি।"
শুনানিতে খোকার আরেক আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতকে যুক্তি দিয়ে বলেন, সিটি করপোরেশন একটি 'করপোরেট বডি'। এটা কোনো সরকারি বিধিবদ্ধ সংস্থা নয়।
এর বিরোধিতা করে শাহদীন মালিক আদালতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ১২ ধারার কথা তুলে ধরেন।
কিন্তু ব্যারিস্টার কাজল মেয়রের পদ একটি নির্বাচিত পদ দাবি করে বলেন, " এটি কোনো লাভজনক পদ নয়। কোনো লাভজনক পদে সাদেক হোসেন খোকা নেই তাই তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।"
গত বছর ঢাকা সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়েছে। এরপর এই সিটি করপোরেশনে আর কোনো নির্বাচন হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২০০৩ঘ.
bdnews24