২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা প্রত্যাহার পরিস্থিতির ওপর নির্ভর করছে: মতিন

জরুরি অবস্থা প্রত্যাহার পরিস্থিতি 'স্বাভাবিক' হওয়ার ওপর নির্ভর করছে বলে জাানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2008, 01:50 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা প্রত্যাহার পরিস্থিতি 'স্বাভাবিক' হওয়ার ওপর নির্ভর করছে বলে জাানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 'চাঞ্চল্যকর মামলা মনিটরিং কমিটির' সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "জরুরি অবস্থা প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের ব্যাপার। আমি সরকারের একজন মাত্র। এ বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারবো না। তবে সরকার যেকোন সময় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। সব কিছু নির্ভর করছে স্বাভাবিক পরিস্থিতির ওপর।" দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভাল হয়েছে মন্তব্য করে তিনি বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা শুধু সরকারের বিষয় নয়, এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।" নির্বাচনকে কেন্দ্র করে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে উপদেষ্টা বলেন, "ইতিমধ্যেই ধরপাকড় শুরু হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হচ্ছে। নেতা-নেত্রীদের নিরাপত্তার বিষয় রয়েছে। নির্বাচনকে সামনে রেখে যেন দ্বন্দ্ব-সংঘাত না বাড়ে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।" ঈদকে সামনে রেখে রাজধানীতে ছিনতাই-চুরি ও ডাকাতির মতো অপরাধ বৃদ্ধির বিষয়টি স্বীকার করে তিনি বলেন, "এ বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে তা আরও জোরদার করা হবে।" সভায় স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম, ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাঈম আহমেদ, র‌্যাবের মহাপরিচালক খন্দকার হাসান মাহমুদসহ সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জিএমএ/এএল/এসকে/১৯৪৫ঘ.