ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতি বন্ধে সরকারি কার্যালয়ের কর্মকর্তাদের প্রথমে বোঝানো হবে, না হলে চিহ্নিত কার্যালয়গুলোর চারপাশে মানববন্ধন করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।
তিনি বলেন, "ভূমি সংক্রান্ত কার্যালয় যেমন- সাব রেজিস্ট্রার অফিস, সেটেলমেন্ট অফিস ও এসি ল্যান্ড অফিসে দুর্নীতি বেশি হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি জানান, মঙ্গলবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা মিলনায়তনে 'দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ' বিষয়ক এক আলোচনা সভায় হাসান মশহুদ চৌধুরী এ কথা বলেন।
তিনি বলেন, "দুর্নীতি দমনে পদ্ধতি বদল করতে হবে। গণসচেতনতা সৃষ্টি করতে হবে। প্রতিষ্ঠিত করতে হবে সত্যকে।"
দুদক চেয়ারম্যান নিরাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "আগামী দিনে যারা নেতৃত্বে আসবেন তাদের সঙ্গে নিয়েই দেশে দুর্নীতি দমন করা হবে।"
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুল হুদা'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- দুর্নীতি দমন কমিশনের খুলনা বিভাগের পরিচালক মেজর মো. রাশেদ আলী, কালীগঞ্জ উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস, নিয়ামতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ।
এর আগে দুপুরে যশোর কালেক্টরেট কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনায় সভায় বক্তব্য রাখেন হাসান মশহুদ চৌধুরী।
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
যশোর প্রতিনিধি জানান, 'দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ' বিষয়ক এ সভায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুদক চেয়ারম্যান বলেন, "দুর্নীতি দমন কমিশন সবস্তরে দুর্নীতি প্রতিরোধ করতে না পারলেও বিশেষ কিছু জায়গায় চেষ্টা করে যাচ্ছে।"
সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর উপর গুরুত্বরোপ করে তিনি।
জেলা প্রশাসক নেপুর আহমেদের সভাপতিত্বে সভায় দুদকের খুলনা বিভাগীয় পরিচালক মেজর রাশেদ আলী ছাড়াও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, বিডিআরের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল বদরুল হুদা প্রমুখ।
এর আগে দুদক চেয়ারম্যান যশোর এমএম কলেজে দুর্নীতিবিরোধী বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১১ ঘ.
bdnews24