ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতায় গেলে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনসহ সবার মতামতের ভিত্তিতে সংসদকে কার্যকর করার প্রতিশ্র"তি দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সুধা সদনে ফ্রান্সিস-ভেনড্রেলের নেতৃত্বে জাতিসংঘের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে হাসিনা একথা বলেন বলে বৈঠক শেষে তার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন।
মঙ্গলবার সকাল ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ বৈঠক চলে।
তিনি বলেন, "শেখ হাসিনা জাতিসংঘ প্রতিনিধিদের বলেছেন, সংসদে একজনের বেশি ডেপুটি স্পিকার দেওয়ার সুযোগ রয়েছে। সেজন্য বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকারের নাম চাওয়া হবে। এছাড়া পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান করার জন্য বিভিন্ন দলের সাংসদদের আমন্ত্রন জানানো হবে এবং সংসদে বিভিন্ন দলের যাতে কার্যকর অংশগ্রহণ থাকে তার উদ্যোগ নেওয়া হবে।"
হাসান মাহমুদ আরো বলেন, "জাতিসংঘের প্রতিনিধি দল আমাদের নেত্রীর (শেখ হাসিনা) কাছে জানতে চেয়েছেন, বিএনপি তো এখনও নির্বাচনে যাওয়ার বিষয়টি পরিষ্কার করে বলেনি, বরং কিছু শর্ত দিয়েছে। শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে না গেলে আওয়ামী লীগ কি নির্বাচনে যাবে? এ বিষয়ে নেত্রী বলেছেন, গণতন্ত্রের স্বার্থে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে। নির্বাচনের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।"
সোমবার বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন জানিয়েছেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের মধ্যে (১১ ডিসেম্বর) জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহার ও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ এর ৯১ (ই) ধারা স্থগিত করা না হলে নির্বাচনের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে চারদল।
এর আগে জাতিসংঘ প্রতিনিধি দলের প্রধান সাংবাদিকদের বলেন, "নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই হাসিনার সঙ্গে দেখা করেছি।"
তিনি আরো বলেন, "এখন পর্যন্ত যা দেখছি তাতে পরিস্থিতি ভালো। জাতিসংঘ এ নির্বাচন পর্যবেক্ষণে কোন পর্যবেক্ষক পাঠাবে না। ইউরোপীয় ইউনিয়ন এবং কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে।"
এক প্রশ্নের জবাবে ফ্রান্সিস ভেনড্রেল বলেন, "আমরা চাই নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহার করা হোক। কেউই জরুরি অবস্থার মধ্যে নির্বাচন দেখতে চায়না। তারপরেও জরুরি অবস্থা থাকলে তা 'মাইনরলি' থাকতে পারে।"
বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, সাবেক দুই রাষ্ট্রদূত মুহাম্মদ জমির ও জিয়াউদ্দীন এবং শেখ হাসিনার তথ্য সচিব আবুল কালাম আজাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/জিএনএ/১৪১৫ ঘ.
bdnews24