লক্ষ্মীপুর, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিকল্প ধারার মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান অবশেষে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।
রোববার হেলিকপ্টারে এলাকায় যাওয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে সহকারী রিটার্নিং অফিসার রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান হাসিব মান্নানের মনোনয়নপত্র জমা নেননি।
ওই দিনই নির্বাচন কমিশন লক্ষ্মীপুরের যুগ্ম জেলা জজ মো. আব্দুল হান্নান ও সহকারী জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিনকে সদস্য করে নির্বাচনী তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে মান্নানের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মিহির সারওয়ার মোর্শেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, "বিকল্প ধারার মহাসচিব হেলিকপ্টারে করে ঢাকা থেকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মনোনয়নপত্র জমা দিতে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এটা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার ৮(গ) ধারা লঙ্ঘনের সামিল।"
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, "যেহেতু আজ (সোমবার) বিকল্প ধারার নেতা আচরণবিধি লঙ্ঘন করেননি তাই তার মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে।"
তিনি আরও বলেন, "কমিটি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।"
এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার পর মেজর মান্নান সাংবাদিকদের বলেন, "আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। মনোনয়নপত্র জমা দিতে পেরে আমি অত্যন্ত আনন্দবোধ করছি।"
এ সময় তার সঙ্গে ছিলেন- রামগতি উপজেলা বিকল্প ধারার আহ্বায়ক আহাম্মদ উল্যা মজনু মাস্টার, কমলনগর উপজেলা বিকল্প ধারার আহবায়ক হারুনুর রশিদসহ দলের নেতাকর্মীরা।
বিকল্প ধারার নেতা মান্নান রোববার হেলিকপ্টারে করে ঢাকা থেকে রামগতি উপজেলা সদরের চর আলেকজান্ডার পাইলট স্কুল মাঠে নামেন। সেখান থেকে তিনি দলের উপজেলা কার্যালয় হয়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এমএসবি/এসকে/২২১১ঘ.
bdnews24