ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে অংশ নেওয়ার জন্য ভোটার তালিকাভুক্ত হতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাতে সময় আছে ছয় দিন। এর মধ্যে তাকে জানাতে হবে তিনি কবে, কোন ঠিকানায় ভোটার হতে চান।
জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপি চেয়ারপারসনকে ভোটার হিসাবে নিবন্ধিত করতে তার ব্যক্তিগত সচিব শিমুল বিশ্বাসের সঙ্গে সোমবার যোগাযোগ করা হয়েছে। সচিব জানিয়েছেন কাল-পরশুর (মঙ্গলবার-বুধবার) মধ্যে জানানো হবে খালেদা জিয়া কবে ও কোন ঠিকানায় ভোটার হবেন।"
২ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী ১৩ নভেম্বর ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। এরপর আরও দুই দফা তফসিলে পরিবর্তন এলেও এতদিন ভোটার হওয়ার ব্যাপারে কোনো সাড়া দেননি তিনি।
কারাবন্দি থাকা অবস্থায় খালেদাকে বেশ কয়েকবার ভোটার হওয়ার জন্য ইসির পক্ষ থেকে অনুরোধ করা হয়। তবে সেসময় তিনি ভোটার হতে অসম্মতি জানান। পরেও তার সঙ্গে ইসির মাঠ পর্যায়ের কর্মকর্তারা যোগাযোগ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
অন্যদিকে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কারাবন্দি অবস্থায়ই গত জুনে ভোটার হন।
সর্বশেষ রোববার নির্বাচনী তফসিল ঘোষণার পর সোমবার খালেদা জিয়ার ব্যক্তিগত সচিবের সঙ্গে যোগাযোগ করা হয়।
পুনর্র্নিধারিত তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন, আর মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত।
নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ বলেন, ''নির্বাচনে অংশ নিতে হলে খালেদা জিয়াকে মনোনয়ন দাখিলের নির্ধারিত সময়ের মধ্যে ভোটার হতে হবে। নির্বাচন কমিশন 'বিশেষ ক্ষমতায়' তাকে ভোটার তালিকাভুক্ত করতে পারেন।''
তিনি জানান, নবম সংসদের জন্য পরিবর্তিত সময়সূচি অনুযায়ী তাকে ৩০ নভেম্বরের মধ্যেই ভোটার হতে হবে।
সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীর ভোটার হওয়া বাধ্যতামূলক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/২২৩০ঘ.
bdnews24