গোপালগঞ্জ, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম রোববার দুপুর ১২টায় রিটার্নিং অফিসার ও গোপালগঞ্জের জেলা প্রশাসক এসএম আশফাক হুসেনের কাছে হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেন।
হাসিনা গোপালগঞ্জ-৩ সহ তিনটি আসনে নির্বাচন করছেন। বাকি দুটি আসন হল- বাগেরহাট-১ (ফরিকহাট-মোল্লাহাট-চিতলমারী) ও রংপুর-৬ (পীরগঞ্জ)। গত বৃহস্পতিবার এ দুটি আসনে তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক এসএম আশফাক হুসেন মনোনয়নপত্র জমা দেওয়ার খবর নিশ্চিত করে জানান, শেখ ফজলুল করিম সেলিমও গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলী সদস্য কাজী আকরাম উদ্দিন আহ্মদ, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ, সাবেক সাংসদ অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী খান আবু মিয়া, সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরী, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ সহ সম্পাদক বিমল বিশ্বাস প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৫১ ঘ.
bdnews24