ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতিসহ চারটি মামলার আসামী সাবেক জোট সরকারের জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন রোববার জামিনে মুক্তি পেয়েছেন।
বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পর মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি উচ্চ আদালতের জামিনে মুক্তি পেয়েছি।"
কারাগারের উপমহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামিনের কাগজ হাতে পাওয়ার পর মোশাররফ হোসেনকে বিকেল সাড়ে ৪টার দিকে মুক্তি দেওয়া হয়েছে।"
মুক্তির পর সাবেক সাংসদ শাহ শহীদ সরওয়ার, ফজলুর রহমান খান, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সামসুজ্জামান মেহেদীসহ ময়মনসিংহ জেলা বিএনপির নেতা-কর্মীরা কারা ফটকে মোশাররফ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মোশাররফের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা, বড়পুকুরিয়া কয়লা খনি মামলাসহ চারটি মামলা বিচারাধীন। গত বছরের ৮ ফেব্রুয়ারি তাকে আটক করা হয়। প্রথম দফায় গত ১৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেলেও বড় পুকুরিয়া কয়লা খনি মামলায় আদালত তাকে আবার কারাগারে পাঠায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এএল/জেকে/এসকে/১৮২৩ঘ.
bdnews24