২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ নির্বাচন ২৯ ডিসেম্বর

সংসদ নির্বাচনের নতুন তারিখ ২৯ ডিসেম্বর। আর উপজেলা নির্বাচন হবে আগামী ২২ জানুয়ারি। নবম সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনের তফসিলে তৃতীয় দফা পরিবর্তন এনে রোববার নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। (সমন্বিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2008, 11:36 AM

Updated : 26 Aug 2022, 02:42 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচনের নতুন তারিখ ২৯ ডিসেম্বর। আর উপজেলা নির্বাচন হবে আগামী ২২ জানুয়ারি। নবম সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনের তফসিলে তৃতীয় দফা পরিবর্তন এনে রোববার নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা পুনর্র্নিধারিত তফসিল ঘোষণা করেন। নতুন সময়সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। যাচাই-বাছাই ৩ ও ৪ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১১ ডিসেম্বর। আর উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ ডিসেম্বর। যাচাই-বাছাই ১৭ থেকে ১৯ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩১ ডিসেম্বর। নতুন তারিখ ঘোষণার পর সিইসি এটিএম শামসুল হুদা সংবাদ সম্মেলনে বলেন, "নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতেই এ পরিবর্তন আনা হয়েছে। আশা করি, সবার কাছে এ তারিখ গ্রহণযোগ্য হবে।" রাজনৈতিক দলগুলো গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১ (ই) ধারা বাতিলের দাবি জানালেও তা বহাল থাকছে বলে জানিয়েছেন সিইসি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার জন্য নির্বাচন কমিশন সরকারের কাছে অনুরোধ জানাবে বলেও জানান তিনি। সিইসি বলেন, "নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুনর্গঠিত নির্বাচন কমিশন প্রথম থেকেই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে। এ লক্ষ্যে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অগ্রসর হয় কমিশন। অনেক বাধা অতিক্রম করে গত ২ নভেম্বর নবম জাতীয় সংসদ ও তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ওই ঘোষণার পর অনেক প্রার্থী মনোনয়নপত্র নেওয়া শুরু করেন। "নতুন নির্বাচনী আইন ও আদালতের নির্দেশনামত আটটি তথ্য সংগ্রহ করতে কিছু কিছু প্রার্থীর অসুবিধা হচ্ছিল। প্রয়োজনীয় দলিল সংগ্রহ করতে গিয়ে সমস্যা হওয়ায় প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর অনুরোধ পান রিটার্নিং কর্মকর্তারা। এরই পরিপ্রেক্ষিতে গত ২০ নভেম্বর এবং পরে ২৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়।" শামসুল হুদা বলেন, "সময়সূচি দেওয়ার পরও চারদলীয় জোটকে নির্বাচনে আনার লক্ষ্যে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সর্বশেষ প্রচেষ্টার অংশ হিসেবে জোটের প্রতিনিধিরা আলোচনার জন্য নির্বাচন কমিশনে আসেন। গত দুদিনে আমরা চার দলীয় ও মহাজোটের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করি। ইসি উভয় পক্ষের বক্তব্য শুনেছে। "সবার বক্তব্য শুনে একটি গ্রহণযোগ্য 'প্রোগ্রামে' আসার চেষ্টা করি আমরা। নির্বাচন কমিশনের কিছু ব্যাখ্যা ছিল। দলগুলোও তাদের বক্তব্য স্পষ্ট করেছে। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এই পরিবর্তিত তারিখ ঘোষণা করল।" নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার ফলাফল ব্যাখ্যা করতে গিয়ে সিইসি বলেন, "কমিশন যে উদ্যোগ নিয়েছে তাতে আমরা গভীরভাবে বিশ্বাস করি, এটি সবার কাছে গ্রহণযোগ্য হবে। নির্বাচন নিয়ে আর কোনো সংশয়, শঙ্কার অবকাশ থাকবে না। আগামীকাল থেকে সবাই নির্বাচনী প্রক্রিয়ায় উৎসবমুখরভাবে অংশ নেবে। নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। আমরা নির্বাচনকে সার্থক করতে সব কিছুই করছি।" রাজনৈতিক দলগুলোর দাবির পরও ৯১ (ই) ধারা (বিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনকে দেওয়া ক্ষমতা) বহাল রাখা হচ্ছে জানিয়ে সিইসি বলেন, "দলগুলোর পক্ষ থেকে এই ধারাটি বাতিল করার দাবি জানালেও আমরা মনে করি তা সম্ভব নয়। এই ধারা নিয়ে অহেতুক আশঙ্কা করা হচ্ছে, বোঝার ভুল হচ্ছে।" এ আইনের 'অযাচিত' প্রয়োগ না করার আশ্বাস দিয়ে সিইসি বলেন, "কোনো নির্বাচনী আসনের কোনো প্রার্থীর বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ লিখিতভাবে পাওয়ার পর তা তদন্তের নির্দেশ দেবে কমিশন। এরপর আত্মপক্ষ সমর্থনের জন্য কমিশন শুনানি করবে। অভিযোগ প্রমাণিত হওয়ার পরই কেবল কারো প্রার্থিতা বাতিল করা হবে। তখন ওই নির্বাচনী আসনে ভোট গ্রহণ স্থগিত রাখা হবে এবং পরে ওই দলের নতুন প্রার্থী পাওয়ার পর নির্বাচন হবে।" প্রার্থিতা প্রত্যাহারের পর দিন থেকেই জরুরি অবস্থামুক্ত পরিবেশে নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ থাকবে বলে আশা প্রকাশ করে সিইসি বলেন, "ওই সময়ে জরুরি অবস্থা তুলে নেওয়ার জন্য সরকারের কাছে জোর সুপারিশ করব।" অন্যান্যের মধ্যে দুই নির্বাচন কমিশনার মুহম্মদ ছহুল হোসেন ও এম সাখাওয়াত হোসেন এবং কমিশন সচিব মোহাম্মদ হুমায়ুন কবীর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এর আগে সকালে সিইসি এবং দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে বৈঠক করেন। পরে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে ইসি। ১৮ ডিসেম্বর সংসদ এবং ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের তারিখ রেখে গত ২ নভেম্বর তফসিল ঘোষণা করে ইসি। ভোট গ্রহণের তারিখ অপরিবর্তিত রেখে পরে ৯ ও ২০ নভেম্বর তফসিলে দুই দফা পরিবর্তন আনা হয়। ওই তফসিল অনুযায়ী আওয়ামী লীগ ও তাদের মিত্ররা নির্বাচনের প্রস্তুতি শুরু করলেও বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট নির্বাচন পেছানোর দাবি জানিয়ে আসছিল। পরে গত ২০ নভেম্বর খালেদা জিয়া জানান, ২৮ ডিসেম্বর নির্বাচন হলে চারদলীয় জোট তাতে অংশ নিতে রাজি। এর পর চারদলীয় জোট ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের সঙ্গে বৈঠক করে ইসি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের সঙ্গে বৈঠকের পর সিইসি শনিবার বলেন, রোববার নতুন তফসিল ঘোষণা করা হবে। সংসদ নির্বাচনের নতুন তারিখ হবে ২৭ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে। ২০০৭ সালের শুরুতেই জরুরি অবস্থা জারির পর গঠিত বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে পুনর্গঠিত নির্বাচন কমিশনের অধীনে আগামী সংসদ নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনের জন্য সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও নির্বাচন সংশ্লিষ্ট সব কার্যালয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দিয়েছে ইসি। ২০০৭ সালের ২২ জানুয়ারির বাতিল হওয়া সংসদ নির্বাচনের তফসিল বেশ কয়েকবার পরিবর্তন হয়। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এর আগে গত আগস্টে চারটি সিটি কর্পোরেশন এবং নয়টি পৌরসভায় নির্বাচন হয়। এই কমিশনই দেশে প্রথম ছবিসহ ভোটার তালিকা তৈরি করে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের আওতায় আনা হয়। বাংলাদেশে প্রথম থেকে অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যথাক্রমে- ১৯৭৩ সালের ৭ মার্চ, ১৯৭৯ সালের ১৮ ফেব্র"য়ারি, ১৯৮৬ সালের ৭ মে, ১৯৮৮ সালের ৩ মার্চ, ১৯৯১ সালের ২৭ ফেব্র"য়ারি, ১৯৯৬ সালের ১৫ ফেব্র"য়ারি, ১৯৯৬ সালের ১২ জুন এবং ২০০১ সালের ১ অক্টোবর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/জেকে/এসকে/১৯২৩ঘ.