ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের বিরুদ্ধে ৮৯টি উপজেলায় ডিজিটাল টেলিফোন লাইন স্থাপন সংক্রান্ত দুর্র্নীতি মামলার রায় আগামী ১ ডিসেম্বর ঘোষণা করা হবে।
রোববার মামলার যুক্তি-তর্ক শুনানি শেষে ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. গোলাম মর্তুজা মজুমদার রায়ের এদিন ধার্য করেন।
মামলা দায়েরের ১৬ বছর পর এর রায় হতে যাচ্ছে।
১৯৯২ সালের ৫ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ এবং জাতীয় পার্টি সরকারের টেলিযোগাযোগমন্ত্রী কাজী ফিরোজ রশিদসহ ছয় জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো।
মামলার অপর আসামিরা হলেন, টিঅ্যান্ডটি বোর্ডের সাবেক চেয়ারম্যান (বর্তমানে মৃত) মাকসুদ আলী খান, একই প্রতিষ্ঠানের সাবেক উপ-মহাব্যবস্থাপক শামসুল ইসলাম (পলাতক), সাবেক ব্যবস্থাপক আনোয়ারুল কাদের এবং এক্সপো ট্রেডের মালিক মজিদ চৌধুরী।
২০০৩ সালের ৭ মে মামলার অভিযোগ গঠনের সময় ফিরোজ রশিদকে অব্যাহতি দেওয়া হয়। ১৯৯৫ সালের ৩১ জুলাই এরশাদসহ অপর অভিযুক্তদের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/এমআই/১৭১০ ঘ.
bdnews24