ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, সৎ ও যোগ্য প্রার্থী দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি) নয়; এ দায়িত্ব রাজনৈতিক দলের।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এনইসি মিলনায়তনে ইসির প্রণীত খসড়া নীতিমালা 'নির্বাচনের সময় গণমাধ্যমের জন্য আচরণবিধি' নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় একথা বলেন সিইসি।
তিনি বলেন, ''মাঠে কোন খেলোয়াড় খেলবে তা দেখার দায়িত্ব যেমন রেফারির নয়, তেমনি সৎ ও যোগ্য প্রার্থী দেওয়ার দায়িত্বও কমিশনের নয়। রাজনৈতিক দলগুলোকেই এ দায়িত্ব নিতে হবে।''
নির্বাচন কমিশনের কাজ সংবিধানে সুনির্দিষ্ট জানিয়ে সিইসি বলেন, "নির্বাচন কমিশন সব কাজের মধ্যে যুক্ত হতে পারে না। তবুও বৃহত্তর স্বার্থে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের সময় অতিরিক্ত কাজ হিসেবে জাতীয় পরিচয়পত্র প্রদানে ইসির সংশ্লিষ্টতা ছিল।"
নির্বাচন কমিশনকে রেফারির সঙ্গে তুলনা করে তিনি বলেন, ''সৎ ও যোগ্য লোক নির্বাচিত না হলে অনেকে কমিশনের দোষ দেয়। আমরা তো মাঠে ফুটবল খেলব না। রাজনৈতিক দলগুলোই খেলবে। রেফারির কাজ তো প্লেয়ার বাছাই করা নয়।''
তিনি বলেন, ''মাঠে কোন খেলোয়াড় খেলবে তা দেখার দায়িত্ব যেমন রেফারির নয়, তেমনি সৎ ও যোগ্য প্রার্থী দেওয়ার দায়িত্বও কমিশনের নয়। রাজনৈতিক দলগুলোকেই এ দায়িত্ব নিতে হবে।''
সিইসি জানান, নির্বাচন কমিশন এবার ৩৭টি রাজনৈতিক দলের নিবন্ধন দিয়েছে।
মতবিনিময় সভায় অপর দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং সচিব মুহম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
সভায় এটিএন বাংলার উপদেষ্টা সাইফুল বারী, চ্যানেল আই এর পরিচালক (বার্তা) শাইখ সিরাজ, দিগন্ত টেলিভিশনের পরিচালক (বার্তা) আযম মীর শাহিদুল আহসান, মানব জমিনের যুগ্ম সম্পাদক সাযযাদ কাদির, এটিএম বাংলার প্রধান বার্তা সম্পাদক জ ই মামুন, ভয়েস অব আমেরিকার ঢাকা প্রতিনিধি আমির খসরু, ডেসটিনি সম্পাদক ম. রফিকুল আমীন, যায়যায়দিনের নির্বাহী সম্পাদক মাহমুদ আল ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন সংস্থার মধ্যে তথ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মু. মামুনুর রশিদ চৌধুরী, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা, ইফতেখার হোসেন, বিটিভির উপ মহাপরিচালক কামরুন নেসা হাসান, বাংলাদেশ বেতারের মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে সিইসি এ টি এম শামসুল হুদা জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময় তাদের পক্ষ থেকে পর্যবেক্ষক ও গণমাধ্যমের জন্য আচরণবিধি তৈরির সুপারিশ করা হয়। কমিশনের কাছে পর্যবেক্ষক নীতিমালা থাকলেও মিডিয়ার জন্য কোন নীতিমালা ছিল না।
সিইসি বলেন, "কমিশন মিডিয়ার জন্য একটি আচরণবিধিমালা তৈরি করতে চাইলে ইউনেস্কো টেকনিক্যাল সহযোগীতার হাত বাড়ায়। এ নীতিমালা দিয়ে কোন নিয়ন্ত্রণ করা নয়, বরং তা করতে হবে পারস্পরিক সমঝোতার মাধ্যমে।"
এটিএন বাংলার উপদেষ্টা সাইফুল বারী বলেন, ''নীতিমালার এক জায়গায় বলা হয়েছে, কোন প্রার্থীর বিরুদ্ধে কিছু বলা যাবে না। আবার অন্য এক জায়হগয় বলা আছে, কারো সম্পর্কে কোন তথ্য জানা থাকলে তা বলে দেয়া উচিৎ। বিষয়টি সাংঘর্ষিক।''
তিনি বলেন, ''সংসদেও সব দলকে সমান সুযোগ দেয়া হয়না। সদস্য অনুপাতে দলগুলো সুযোগ পেয়ে থাকে। অতএব সব দল বা প্রার্থীকে সমান সুযোগ দেয়া সম্ভব নয়। নির্বাচনী ফলাফল প্রচারের বিষয়ে ইসি সহযোগীতা চাইতে পারে।''
এ প্রসঙ্গে সিইসি বলেন, ''ইসি ৩৭টি দলকে নিবন্ধন দিয়েছে। এ দলগুলোর সব দল এক নয়। দলগুলোর প্রত্যেকটিকে সমান সুযোগ দেয়া সম্ভব কি-না তাও ভাবতে হবে। এ বিষয়ে ইসির কী করণীয় হতে পারে, সে ব্যাপারে আপনাদের পরামর্শ চাচ্ছি। ''
ভয়েস অব আমেরিকা প্রতিনিধি আমির খসরু বলেন, "মিডিয়াকে কীভাবে চালাতে হবে তা ইসির কাজ নয়। সাংবিধানিকভাবে ইসিকে এ কাজ দেয়া হয়নি।''
নির্বাচনী সংবাদ পরিবেশনে গণমাধ্যমের জন্য একটি নীতিমালা থাকা উচিত মন্তব্য করে সিইসি জানান, খসড়া পর্যালোচনা করে গ্রহণযোগ্য একটা আচরণবিধি প্রস্তুত করতে গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। এ কমিটি ৭ দিনের মধ্যে একটি গ্রহণযোগ্য সুপারিশমালা তৈরি করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/জিএনএ/১৬১০ ঘ.
bdnews24