ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৮ ডিসেম্বর নির্বাচন হলে তাতে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পরদিনই চারদলীয় জোটের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা জানিয়েছেন, শনিবার আওয়ামী লীগের সঙ্গেও কমিশনের আলোচনা হতে পরে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে চারদলীয় জোট নেতারা ইসি সচিবালয়ে যান। সিইসিসহ অপর নির্বাচন কমিশনারদের সঙ্গে বিকাল সড়ে ৫টা পর্যন্ত তাদের বৈঠক চলে।
বৈঠক শেষে এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের বলেন, "আন্তরকি পরিবেশে আলোচনা হয়েছে। সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান আমাদের একমাত্র লক্ষ্য।"
তফসিলে আবার পরিবর্তন আনা হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, "এ বিষয়ে কমিশন দ্রুত সিদ্ধান্ত নেবে। তবে আলোচনার স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না।
"ফলাফল আপনারা শিগিগিরই জানতে পারবেন।"
সিইসি জানান, নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সঙ্গেও কমিশন বসবে। সোমবারই এ বৈঠক হতে পারে।
বৈঠক শেষে প্রতিনিধি দলের নেতা বিএনপির সহসভাপতি এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন, "কমিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তবে আরও আলোচনা হবে।"
কী কী বিষয়ে আলোচনা হয়েছে- জানতে চাইলে বিএনপি নেতা বলেন, "নির্বাচনের বিষয়ে আমাদের নেত্রী (খালেদা) গতকাল (বৃহস্পতিবার) সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছেন। এর খুঁটিনাটি নিয়ে আলোচনা হয়েছে।"
চার দলের প্রস্তাবের বিষয়ে ইসি কিছু জানিয়েছে কি না- এ প্রশ্নের জবাবে এমকে আনোয়ার বলেন, "আমরা আমাদের কথা বলেছি। ইসি তাদের সিদ্ধান্ত পরে জানাবে।"
প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জসীম উদ্দিন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে জানান, ২৮ ডিসেম্বর নির্বাচন হলে চার দল তাতে অংশ নেবে।
তবে উপজেলা নির্বাচন একমাস পেছানো এবং গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯১ (ই) ধারা বাতিল ও মনোনয়নপত্র দাখিলের শেষ দিন থেকে জরুরি অবস্থা সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচন হওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/এমআই/জেকে/১৯০৫ ঘ.
bdnews24