ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার না করার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে শিশুশ্রম বন্ধসহ সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমানের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
শিশু সংগঠন 'চাইল্ড পার্লামেন্ট'র একটি প্রতিনিধি দল শুক্রবার শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। সুধা সদনে সকাল সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত শিশুদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী।
চাইল্ড পার্লামেন্ট'র পক্ষ থেকে নির্বাচনী কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার বন্ধের সুপারিশসহ একটি প্রস্তাব শেখ হাসিনাকে দেওয়া হয়।
সুধা সদন থেকে বেরিয়ে চাইল্ড পার্লামেন্টের স্পিকার নারগিস আক্তার রণি সাংবাদিকদের বলেন, "আমরা রাজনীতি সচেতন। কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে চাই না। তিনিও (হাসিনা) আমাদের সঙ্গে একমত হয়েছেন।"
রণি বলেন, "শেখ হাসিনা আমাদের আশ্বস্ত করেছেন, তিনি তার দলের নেতাকর্মীদের বলবেন, নির্বাচনী কর্মকাণ্ডে শিশুদের যেন ব্যবহার করা না হয়।"
ডিসেম্বরে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। দেশে নির্বাচনের সময় মিছিল-শোভাযাত্রাসহ নানা কর্মসূচিতে শিশুদের ব্যবহার ইতোপূর্বে দেখা গেছে।
শেখ হাসিনার উপ তথ্যসচিব মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের বলেন, "আওয়ামী লীগ ক্ষমতায় গেলে শিশুশ্রম বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে শেখ হাসিনা জানিয়েছেন। এছাড়া সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত এবং জীবনমানের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।"
আওয়ামী লীগ ক্ষমতায় গেলে স্নাতক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হবে বলেও হাসিনার উদ্ধৃতি দিয়ে মাহবুবুল হক জানান।
তিনি বলেন, "রাষ্ট্র প্রধান, সরকার প্রধান, মন্ত্রীদের বিভিন্ন অনুষ্ঠানে স্বাগত জানাতে রাস্তার পাশে স্কুলের শিশুদের দাঁড় করিয়ে রাখা হয়। নেত্রী (হাসিনা) এর বিরোধিতা করে বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে এ কাজ করা হবে না।"
এছাড়া সংসদের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য জাতীয় সংসদ ভবনে শিশুদের জন্য একটি আলাদা স্থান করার আশ্বাসও শেখ হাসিনা দিয়েছেন বলে মাহবুবুল হক জানান।
চাইল্ড পার্লামেন্টের প্রতিনিধি দলে ছিলেন সুলতা সেলিম নিশি, আহসান হাবিব প্রমুখ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও বৈঠকে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/এমআই/১৪২০ ঘ.
bdnews24