২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের মনোনয়ন: সুনামগঞ্জ, নেত্রকোনা ও যশোরে বিক্ষোভ-অনশন

সুনামগঞ্জ, নেত্রকোনা ও যশোরে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিতদের সমর্থকরা বৃহস্পতিবার প্রতিবাদ সভা, অনশন এবং কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2008, 03:53 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জ, নেত্রকোনা ও যশোরে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিতদের সমর্থকরা বৃহস্পতিবার প্রতিবাদ সভা, অনশন এবং কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ ডনের সমর্থকরা প্রতিবাদ সভা ও অনশন কর্মসূচি পালন করেছে। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বৃহস্পতিবার বিকেলে এই কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ নেতা হারুন মিয়া, কুতুব উদ্দিন, মনির খান, বীরেন্দ্র নাথ প্রমুখ। উপজেলা আওয়ামী ও এর সহযোগী সংগঠনের এ নেতারা সুনামগঞ্জ-৩ আসনে আজিজুস সামাদ ডনকে মনোনয়ন দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান। নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনা-৪ (মদন- মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে আওয়ামী লীগ নেতা শফি আহমেদকে মনোনয়ন না দেওয়ায় জেলা ছাত্রলীগের নেতারা-কর্মীরা সকালে দলীয় কার্যালয়ের সামনে কাফনের কাপর পরে বিক্ষোভ করেন। তারা দলের মনোনীত রেবেকা মমিনকে নির্বাচনী এলাকায় অবাঞ্চিত ঘোষণা করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, শিবলী সাদী অপু, শফিকুজ্জামান আকন্দ প্রমুখ। নেত্রকোনা জেলা, সদর, পৌরসভা, মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী, কলমাকান্দা ও কেন্দুয়া উপজেলা শাখা স্বেচ্ছাসেবক লীগের নেতারা দুপুরে শহরের ছোটবাজারে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে রেবেকা মমিনের পরিবর্তে শফি আহমেদকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল ওয়াদুদ কালাম, যুগ্ম আহবায়ক আরিফ খান প্রমুখ। যশোর প্রতিনিধি জানান, যশোরে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত খালেদুর রহমান টিটোর সমর্থকরা শহরের ষষ্ঠীতলা, ভোল ট্যাংক রোড, চার খাম্বার মোড়, মুজিব সড়ক এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। মিছিলে পুলিশ বাঁধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন সামান্য আহতও হন। পরে টিটো সমর্থকরা ষষ্ঠীতলায় দলীয় মনোনয়ন পাওয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজুর কুশপুত্তলিকা দাহ করে। যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিক্ষোভ, ধাওয়া পাল্টা ধাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে কোন মামলা হয়নি বলে তিনি জানান। যশোর-৩ (সদর) আসনে তৃণমূল পর্যায়ের বাছাই তালিকায় আলী রেজা রাজুর ছাড়া খালেদুর রহমান টিটোও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৫ ঘ.