ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে বসছে চার দল।
সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ওই বৈঠক হবে। বৈঠকে খালেদা জিয়াও থাকবেন।
জোট শরিক ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় চার দলের বৈঠক ডাকা হয়েছে। নির্বাচনের বিষয়ে এ বৈঠকে সিদ্ধান্ত হবে।"
সরকারের পক্ষ থেকে বুধবার জানানো হয়, দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা না হওয়ায় ১৮ ডিসেম্বরই সংসদ নির্বাচন হবে।
বিএনপি নির্বাচনের তফসিল পুনর্নির্ধারণ করে ভোট গ্রহণের তারিখ পেছানোর দাবি জানিয়ে আসছে। তবে অপর প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ চায়, ডিসেম্বরেই নির্বাচন হোক।
নির্বাচনের বিষয়ে মঙ্গলবার সরকারের পাঁচ উপদেষ্টা খালেদা জিয়া এবং শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। কিন্তু তাতে কোনও ফল হয়নি বলে সরকারের বক্তব্যে স্পষ্ট হয়।
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট বুধবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সরকারের বক্তব্য প্রত্যাখ্যান করে বলে, ১৮ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা অগ্রহণযোগ্য।
এদিকে চারদলীয় জোটের বৈঠকের আগে বিএনপির স্থায়ী কমিটি বৈঠকে বসবে বলে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ। এ বৈঠকও গুলশানের কার্যালয়ে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬০৮ ঘ.
bdnews24