২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুধা সদনের সামনে বিক্ষোভ চলছে

আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া প্রার্থীদের সমর্থকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। ঢাকায় মনোনয়ন না পাওয়া এক আসনের সমর্থকরা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদন ফটকের সামনে হরতালের স্লোগান দিয়ে মিছিল করেছে। বিক্ষোভ চলছে দেশের বিভিন্ন স্থানে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2008, 11:08 AM

Updated : 26 Apr 2022, 01:44 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া প্রার্থীদের সমর্থকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। ঢাকায় মনোনয়ন না পাওয়া এক আসনের সমর্থকরা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদন ফটকের সামনে হরতালের স্লোগান দিয়ে মিছিল করেছে। বিক্ষোভ চলছে দেশের বিভিন্ন স্থানে। সুধা সদনের ফটকের সামনে কাফনের কাপড় পরে অবস্থান নিয়ে আছে চাঁদপুর-৪ আসনে মনোনয়ন না পাওয়া ড. শামসুল হক ভূঁইয়ার সমর্থকরা। ওই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে শফিকুর রহমানকে। আগের দিনের মতো শামসুল হকের সমর্থকরা বুধবারও সুধা সদনের সামনে বিক্ষোভ করছে। তারা প্রার্থী পরিবর্তনের দাবিতে স্লোগান দিচ্ছে। বিক্ষোভ করছে পিরোজপুর-২ আসনে মনোনয়ন চেয়ে ব্যর্থ অধ্যক্ষ শাহআলমের সমর্থকরাও। তারাও মঙ্গলবার থেকে সুধা সদনের সামনে অবস্থান নিয়ে আছে। বুধবার বিক্ষোভে যুক্ত হয়েছে পাবনা-১ আসনে মনোনয়ন চেয়ে ব্যর্থ সাবেক মন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদের সমর্থকরা। তারা ওই আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে স্লোগান দিচ্ছে। এ আসনে দলের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক টুকু। ঢাকা-৪ আসনে মনোনয়ন চেয়ে ব্যর্থ লুৎফর রহমানের সমর্থকরা বুধবার বিকাল থেকে বিক্ষোভ করছে। প্রার্থী পরিবর্তনের দাবিতে তারা বৃহস্পতিবার নির্বাচনী এলাকায় হরতালের স্লোগান দিয়ে মিছিল করে। ওই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে অ্যাডভোকেট সানজিদা খানমকে। ঢাকার মিরপুরের দুটি আসনে ইলিয়াস মোল্লা (ঢাকা-১৬) ও আসলামুল হক আসলাম (ঢাকা-১৬) কে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধেও বিক্ষোভ হয়েছে। সুধা সদনের সামনে একদল বিক্ষুব্ধ সমর্থক ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলামকে লাঞ্ছিত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুর-২ আসনে সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায়কে মনোনয়ন দেওয়ার দাবিতে তার সমর্থকরা বুধবার প্রতীক অনশন কর্মসূচি পালন করে। দিনাজপুর প্রেসক্লাব চত্বরে অনশন কর্মসূচি পালনের পাশাপাশি মানববন্ধনও হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইশহাক আলী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু। তারা হুমকি দেন, ওই আসনে মনোনীত প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরীকে পরিবর্তন করে সতীশ চন্দ্র রায়কে প্রার্থী ঘোষণা করা না হলে তারা পদত্যাগ করবেন। দিনাজপুর-২ আসনে সতীশ রায় চার বার সাংসদ নির্বাচিত হন। তবে গত নির্বাচনে তিনি বিএনপি নেতা সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমানের কাছে পরাজিত হন। মৌলভীবাজার প্রতিনিধি জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ঢাকসুর সাবেক ভিপি ও সাবেক সাংসদ সুলতান মোহাম্মদ মনসুরকে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। মঙ্গলবার জেলা যুবলীগ ও ছাত্রলীগ গণঅনশন করে। কুলাউড়ায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ গণস্বাক্ষর কর্মসূচি চালাচ্ছে। এর আগে সোমবার রাতে তারা সংবাদ সম্মেলন করে ও দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন বলেন, "সুলতান মনসুরকে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত তৃণমূলের প্রত্যাশা পূরণ করেনি। আমরা হতাশ।" ওই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে যুক্তরাজ্য প্রবাসী আতাউর রহমান শামীমকে। নাটোর প্রতিনিধি জানান, নাটোর-৩ (সিংড়া) আসনে জুনাইদ আহমেদ পলককে মনোনয়ন দেওয়ার দাবিতে তার সমর্থকরা বুধবার সিংড়ায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে। তারা দলের উপজেলা কার্যালয়ে তালা লাগিয়ে দেয়। কলম ইউনিয়ন ও শুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন ও আব্দুল হাই সমাবেশে বক্তব্য রাখেন। ওই আসনে মনোনয়ন পেয়েছেন হানিফ আলী শেখ। নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে শফি আহমেদকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। তারা মনোনীত প্রার্থী রেবেকা মমিনের কুশপুত্তলিকা দাহ করে। জামালপুর প্রতিনিধি জানান, জামালপুর-১ (বকশীগঞ্জ) আসনে মনোনয়ন নিয়ে বিক্ষুব্ধ বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ২৮০ জন নেতা-কর্মী বুধবার বিকালে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তারা এ আসনে দলের উপজেলা সভাপতি নূর মোহাম্মদকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন। এ দাবিতে উপজেলা বাসস্ট্যান্ড মাঠে সমাবেশও করেছে তারা। এ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সাংসদ আবুল কালাম আজাদ। রাজশাহী প্রতিনিধি জানান, রাজশাহী-৪ আসনে সাবেক মন্ত্রী সরদার আমজাদ হোসেনকে মনোনয়ন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় নেতা-কর্মীরা। বাগমারা উপজেলা নাগরিক কমিটির ব্যানারে ওই সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়, দল মনোনয়ন না দিলে সরদার আমজাদ স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন। সংবাদ সম্মেলনের আগে দলের উপজেলা কমিটির সহ-সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নির্বাহী সদস্য অধ্যাপক আব্দুস সামাদকে আহবায়ক এবং সহ-সভাপতি অধ্যক্ষ আজাহারুল হককে সদস্য সচিব করে সরদার আমজাদ হোসেনের পক্ষে ১৫১ সদস্য বিশিষ্ট 'বাগমারা উপজেলা নাগরিক কমিটি' গঠন করা হয়। এ আসনে মনোনয়ন পেয়েছেন এনামুল হক। মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জ-৩ আসনে আনিসুজ্জামান আনিসকে মনোনয়ন না দেওয়ায় তার অনুসারীরা বুধবার শহরে বিক্ষোভ করেছে। এই আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিরক্ষা সচিব এম ইদ্রিস আলী। তবে আনিসুজ্জামান বুধবার সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদের জন্য জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র তুলেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/ডিডি/এমআই/২০০৬ ঘ.