২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোটবদ্ধ নির্বাচনের ঘোষণা আ. লীগ ও জাপার

আসন্ন সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। মঙ্গলবার সুধা সদনে বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়।(আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2008, 11:01 AM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। মঙ্গলবার সুধা সদনে বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়। নির্বাচনে জিতলে একসঙ্গে সরকার গঠনের কথাও জানিয়েছে দল দুটি। ২০০৭ সালের বাতিল হওয়া সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে ছিল জাতীয় পার্টি (জাপা)। মঙ্গলবার দলীয় চেয়ারম্যান এইচএম এরশাদের নেতৃত্বে জাপা নেতারা সুধা সদনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। বেলা আড়াইটা থেকে পৌনে চারটা পর্যন্ত তাদের বৈঠক চলে। বৈঠক শেষে বেরিয়ে এরশাদ সাংবাদিকদের বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি, জোটবদ্ধভাবে নির্বাচন এবং একসঙ্গে সরকার গঠন করব।" আসন ভাগাভাগি নিয়ে কোনও সিদ্ধান্ত হয়েছে কিনা- জানতে চাওয়া হলে তিনি বলেন, "আপাতত সিদ্ধান্ত হয়েছে, ইউনাইটেডলি ইলেকশন এবং ইউনাইটেডলি সরকার গঠন। অন্য বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।" জাপা চেয়ারম্যান জানান, আসন ভাগাভাগির বিষয়ে দলের নেতা কাজী জাফর আহমেদ, আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার ও জিয়াউদ্দিন বাবলু আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবেন। জাতীয় পর্টি আওয়ামী লীগের কাছে কতটি আসন চাইবে- চানতে চাইলে এরশাদ বলেন, "এটাও এখন বলতে পারব না। আলোচনার পর স্থির হবে।" মহাজোট ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি করা নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা- সাংবাদিকরা জানতে চাইলে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, "আজ (মঙ্গলবার) এটা নিয়ে কোনও আলোচনা হয়নি।" তবে ২০০৭ সালে তাকে (এরশাদ) রাষ্ট্রপতি করার বিষয়ে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির লিখিত চুক্তি হয়েছিল দাবি করে এরশাদ বলেন, "আগে আমাদের মধ্যে এ বিষয়ে লিখিত আন্ডারস্ট্যান্ডিং ছিল।" জাতীয় পার্টি ১৮ ডিসেম্বরই নির্বাচন চায় জানিয়ে এরশাদ বলেন, "আমরা বারবার বলছি, ১৮ তারিখেই নির্বাচন হোক। ১৮ তারিখে না হলে দেশে নির্বাচন হওয়ার সম্ভাবনা কম।" বিএনপির বিষয়ে তিনি বলেন, "সব দল এলে ভালো হয়। আশা করি, সব দলই নির্বাচনে আসবে।" আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, "আমরা (আ. লীগ-জাপা) একসঙ্গে নির্বাচন করব এবং এক সঙ্গে সরকার গঠন করব। ওয়ান-ইলেভেনের আগেই আমরা এ বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম।" তিনি বলেন, "আমরা দুই দলই মনে করি, ১৮ ডিসেম্বর নির্বাচন হতে হবে।" রাষ্ট্রপতি করার বিষয়ে এরশাদের দাবির বিষয়ে আশরাফ বলেন, "এ ধরনের কিছু আমার জানা নেই।" আওয়ামী লীগের নেতৃত্বে বর্তমানে ১৪ দলীয় জোট সক্রিয় রয়েছে। জাপাকে জোটে নেওয়ার বিষয়ে ওয়ার্কার্স পার্টির আপত্তি রয়েছে। মঙ্গলবার রাতেই ১৪ দলীয় জোটের বৈঠক হবে বলে সৈয়দ আশরাফ জানান। জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ জানান, জাতীয় পার্টির পক্ষে মঙ্গলবার আসনের কোনও তালিকা দেওয়া হয়নি। মহাজোটে আর কারা কারা আসবে- জানতে চাওয়া হলে তিনি বলেন, "জোটে কারা কারা থাকবে, সে সিদ্ধান্ত আওয়ামী লীগ নেবে।" আওয়ামী লীগ সভানেত্রীর বাসভবন সুধা সদনে ওই বৈঠকে শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং দলের মুখপাত্র ও যুগ্ম সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। এরশাদের সঙ্গে আনিসুল ইসলাম ছাড়াও ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দীন বাবলু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/জিএনএ/১৭০০ ঘ.