ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিকভাবে মনোনীত দলীয় প্রার্থীদের মধ্যে চিঠি বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। সোমবার সকালে সুধা সদনে দলের সভানেত্রী শেখ হাসিনা প্রার্থীদের হাতে চিঠি তুলে দেন।
সকাল ১১ টার দিকে প্রথম চিঠিটি দেওয়া হয় খুলনা বিভাগের মেহেরপুর-১ আসনের জন্য মনোনীত জয়নাল আবেদীনকে। দুপুর পর্যন্ত অন্তত একশ' জনের মধ্যে চিঠি বিতরণ করা হয়েছে বলে দলের একজন শীর্ষস্থানীয় নেতা নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ-২ আসনে দলীয় মনোনয়নের চিঠি পেয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর একটার দিকে তিনি শেখ হাসিনার হাত থেকে চিঠি নিয়েছেন।
ছাত্রলীগের আরেক সাবেক নেতা ও আওয়ামী লীগের বিভাগীয় কেন্দ্রীয় বিভাগীয় উপ-কমিটির সহসম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর-২ আসনের জন্য দলের মনোনয়ন পেয়েছেন। দলীয় সভানেত্রীর কাছ থেকে তিনি চিঠি নিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/জিএনএ/১৪৩২ ঘ.
bdnews24